তাহসিফের সঙ্গে থাকা বারের সেই তরুণী গ্রেপ্তার
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলার তদন্তে নতুন মোড় নিয়েছে। এ ঘটনায় ‘জেরিকা তাসনিম দিশা’ নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। পাশাপাশি মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার তাহসিফের বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন তদন্ত কর্মকর্তারা।
টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ আহমেদ জানান, শনিবার (৩১ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে দিশা নামের ওই তরুণীকে গ্রেপ্তার করা হয়। একই দিন আদালতের নির্দেশে চার দিনের রিমান্ডে নেওয়া দীপকে মধ্যরাত থেকে জিজ্ঞাসাবাদ শুরু করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জেরিকা তাসনিম দিশাকে (১৯) জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।
এর আগে শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াসের আদালত দীপের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তের প্রয়োজনে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করলেও আদালত চার দিনের অনুমতি দেন। বিষয়টি নিশ্চিত করেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ দোহা সুমন।
নৌপুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, তাহসিফের মৃত্যুর ঘটনায় তাঁর বন্ধু দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্যপ্রমাণ পাওয়া গেছে। এ কারণে তাঁকে রিমান্ডে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে আপাতত সব তথ্য প্রকাশ করা যাচ্ছে না বলেও জানান তিনি।
ঘটনার দিনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত দেড়টা পর্যন্ত তাহসিফের সঙ্গে ছিলেন দীপ। রাত ১০টা ১৭ মিনিটে তাহসিফ ও দীপের সঙ্গে ২৪-২৫ বছর বয়সী ওই তরুণীও (দিশা) মোটরসাইকেলে করে উত্তরার নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে আসেন। তারা বারে প্রায় দেড় ঘণ্টা সময় কাটানোর পর রাত ১১টা ৫১ মিনিটে একসঙ্গে বের হয়ে যান। এরপর থেকেই ওই তরুণীকে খুঁজছিল পুলিশ। ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে তদন্তকারীরা জানতে পেরেছেন, দীপ তাহসিফকে নিয়ে টঙ্গীর মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন।
এর আগে বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে দীপকে আটক করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে শুক্রবার রাতে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন। এরপর দীপকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। যদিও লিখিত অভিযোগে তিনি নির্দিষ্ট কাউকে অভিযুক্ত করেননি; বরং ছেলের মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানের দাবি জানিয়েছেন।
২৮ বছর বয়সী তাহসিফ গত মঙ্গলবার সন্ধ্যায় উত্তরার বাসা থেকে নিখোঁজ হন। পরদিন বুধবার বিকেলে টঙ্গীর রাজাবাড়ি ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌপুলিশ।
এদিকে তাহসিফের বাবা এনায়েতুল করিম জানান, দীপ প্রায়ই তাঁদের বাসায় আসতেন। কিন্তু ঘটনার পর তাঁর দেওয়া তথ্যে বড় ধরনের অসংগতি পাওয়া গেছে। বাবার দাবি, দীপ প্রথমে জানিয়েছিলেন, তাহসিফকে তাঁদের বাসার চত্বরে নামিয়ে দিয়ে গেছেন। অথচ পিবিআইয়ের কাছে তিনি তাহসিফের সঙ্গে টঙ্গী যাওয়ার কথা স্বীকার করেছেন।
এনএনবাংলা/এফএস
