নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, বিলম্বিত প্রধানমন্ত্রী তারেক রহমানের ফিরতি যাত্রা

জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রার আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের দেশে ফেরার যাত্রা বিলম্বিত হয়েছে। ত্রুটি নিরসনে কাজ করছেন বিমানের প্রকৌশলীরা।
বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ জানায়, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিজি ৩৭৭ ফ্লাইটটি যান্ত্রিক ত্রুটির কারণে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নে বিলম্ব করছে। বিমানের এয়ার ক্রু ও প্রকৌশল দল ত্রুটি নিরসনে কাজ করছে। এ বিষয়ে পরবর্তী তথ্য যথাসময়ে জানানো হবে।
ফ্লাইটটির স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা ছিল। তবে নির্ধারিত সময়েও এটি নারিতা বিমানবন্দরে অবস্থান করছিল বলে জানান এক যাত্রী।
ওই যাত্রীর ভাষ্য অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে বিমানটি চলতে শুরু করে। এর পাঁচ মিনিট পর ক্যাপ্টেন ইমামুল যাত্রীদের জানান, বিমানে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে এবং প্রকৌশলীরা তা সমাধানের চেষ্টা করছেন।
প্রায় ৪০ মিনিট পর ক্যাপ্টেন আবার ঘোষণা দিয়ে জানান, বিমানটি আগের অবস্থানে ফিরে যাচ্ছে। প্রকৌশলীরা ত্রুটি সারাতে কাজ করছেন। পরে স্থানীয় সময় রাত ৮টার দিকে তিনি জানান, মেরামতের কাজ চললেও আরও সময় লাগবে। যাত্রীদের অপেক্ষার জন্য বিমানবন্দরের লবিতে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের একজন জানান, তারেক রহমানকে বিমান থেকে নামিয়ে বিমানবন্দরের লবিতে নেওয়া হয়। পরে অন্য যাত্রীদেরও সেখানে নিয়ে যাওয়া হয়।
চার দিনের সরকারি সফরে গত ২৬ অক্টোবর জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেন।
এ ছাড়া জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। এসব বৈঠকে বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
এনএনবাংলা/
