আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: উপদেষ্টা জাহেদ

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ ও সাংবাদিকদের নিয়ে বিতর্কিত মন্তব্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বর্তমানে রাষ্ট্রীয় সফরে দেশের বাইরে রয়েছেন। দেশে ফেরার পর বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন তিনি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে সরকারের কার্যক্রম নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। সচিবালয়ের পিআইডি সম্মেলনকক্ষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
সম্প্রতি রাজধানীর চকবাজারে এক অনুষ্ঠানে আইজিপি আলী হোসেন ফকির বলেন, সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করা হবে। একই অনুষ্ঠানে পুলিশের সমালোচনা করা সাংবাদিকদের নিয়েও বিতর্কিত মন্তব্য করেন তিনি। তার এসব বক্তব্যের পর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে সরকারের অবস্থান এবং আইজিপির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়।
এ বিষয়ে তথ্য উপদেষ্টা জানান, সোমবার রাতে পুলিশ সদর দপ্তরের দেওয়া ব্যাখ্যায় বলা হয়েছে, আইজিপি ‘ক্রসফায়ার’ বলতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বোঝাননি। সাংবাদিকদের নিয়ে করা মন্তব্যের বিষয়েও ব্যাখ্যা দেওয়া হয়েছে।
জাহেদ উর রহমান বলেন, আইজিপি নিজেই তার বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। এ অবস্থায় তার প্রতি অতিরিক্ত কঠোর হওয়া সমীচীন হবে কি না, সেই প্রশ্নও রয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এনএনবাংলা/
