সাম্প্রতিক
Skip to content

বাংলাদেশে আবারও বিদ্যুৎ পাঠানো শুরু করল নেপাল

ছবি: সংগৃহীত

বন্যায় জলবিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ার পর বন্ধ হয়ে যাওয়া বিদ্যুৎ সরবরাহ আবারও চালু করেছে নেপাল। গত শুক্রবার সন্ধ্যা থেকে ভারতের বিদ্যুৎ সঞ্চালন গ্রিড ব্যবহার করে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাঠানো শুরু হয়েছে।

নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৬ আগস্ট ভয়াবহ বন্যায় নেপালের ত্রিশূলী ও চিলিম জলবিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ হয়ে যায়। পরে বিকল্প জলবিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহের অনুমতি পাওয়ায় রপ্তানি পুনরায় শুরু করা সম্ভব হয়েছে।

নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের (এনইএ) ব্যবস্থাপনা পরিচালক দীর্ঘায়ু কুমার শ্রেষ্ঠ জানান, নতুন ব্যবস্থায় সোলু খোলা ও কাবেলি বি-ওয়ান জলবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। আর লোয়ার মোদি খোলা কেন্দ্র থেকে ভারতের হরিয়ানায় বিদ্যুৎ পাঠানো হবে।

২০২৪ সালের ৩ অক্টোবর নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষ ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) মধ্যে পাঁচ বছরের বিদ্যুৎ সরবরাহ চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী, প্রতিবছর ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে নেপাল।

এদিকে, বন্যায় কয়েকটি জলবিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হলেও ২০২৬ সালের সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি সময়ে ভারতে বিদ্যুৎ বিক্রি করে ৫ দশমিক ৯২৫ বিলিয়ন নেপালি রুপি আয় করেছে দেশটি। এ সময়ে ভারতকে ৬৩৩ দশমিক ৯৮৬ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ সরবরাহ করা হয়।

নেপাল দ্বিপক্ষীয় চুক্তি এবং ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জের মাধ্যমে বিদ্যুৎ রপ্তানি করে। নিজ দেশের চাহিদা মেটানোর পর বর্ষা মৌসুমে উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুৎ রপ্তানি করে দেশটি। এতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিদ্যুৎ বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ থেকে আয় বাড়ানোর সুযোগ তৈরি হচ্ছে।

এনএনবাংলা/