তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নির্ধারণে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত সংসদীয় বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক শেষে তিনি জানান, উচ্চকক্ষের স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা এবং সরকারি ও বিরোধী দলের সম্মতিতে উপদেষ্টা নিয়োগের প্রস্তাবও আলোচনায় এসেছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, উচ্চকক্ষ সংসদের মেয়াদ শেষে বহাল থাকলে সেখানে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া রাখা যায় কি না, তা নিয়ে আলোচনা হয়েছে। এ ক্ষেত্রে ভাইস প্রেসিডেন্ট পদ সৃষ্টি করে তাঁকে উচ্চকক্ষের স্পিকারের দায়িত্ব দেওয়ার প্রস্তাবও এসেছে। বৈঠকে উঠে আসা প্রস্তাবগুলো পর্যালোচনা করে কমিটির প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হবে।
বৈঠকে সংবিধানের মৌলিক কাঠামো, বিচার বিভাগের স্বাধীনতা, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা এবং সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ বাড়াতে সংবিধানের ৭০ অনুচ্ছেদ শিথিল করার বিষয়েও আলোচনা হয়।
এ ছাড়া রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা নিশ্চিত করা এবং বিভিন্ন কমিশনে নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর প্রস্তাব এসেছে।
সালাহউদ্দিন আহমদ জানান, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার বিষয়ে সরকারের প্রতিশ্রুতি রয়েছে। তবে আগের সরকারের জারি করা অধ্যাদেশে ত্রুটি থাকায় সেটি আইনে পরিণত করা হয়নি।
সংবিধান সংশোধন কমিটি এরই মধ্যে রাজনৈতিক দল, শিক্ষাবিদ, বিশিষ্ট নাগরিক, পেশাজীবী সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছে। আগামী দিনগুলোতে কমিটির প্রতিবেদন তৈরির কাজ শুরু হবে। বিরোধী দলগুলোর মতামত নেওয়ার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।
এনএনবাংলা/
