সাম্প্রতিক
Skip to content

হঠাৎ ব্যাটিং কোচের পদ থেকে সরানো হলো আশরাফুলকে

ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার জায়গায় অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।

শনিবার এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বিসিবি। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আশরাফুলকে ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে অন্য একটি পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন স্থায়ী ব্যাটিং কোচ নিয়োগ না দেওয়া পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন সালাহউদ্দিন।

২০২৫ সালের নভেম্বরে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক আশরাফুল। বাংলাদেশ দলের সঙ্গে কাজ করার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছে বিসিবি। তবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দিষ্ট কোনো কারণ বোর্ডের বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

এদিকে আগামী বুধবার থেকে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ। গুরুত্বপূর্ণ এই সিরিজের আগে ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন আনল বিসিবি।

এর আগে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের ব্যাটিং পারফরম্যান্স ছিল হতাশাজনক। দুই ম্যাচেই ২০০ রান করার আগেই অলআউট হয়ে যায় দল। সাম্প্রতিক এই ব্যাটিং ব্যর্থতার পর কোচিংয়ে পরিবর্তনের সিদ্ধান্ত এসেছে বলে ধারণা করা হচ্ছে। তবে আশরাফুলকে সরানোর সঙ্গে দলের সাম্প্রতিক পারফরম্যান্সের কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এনএনবাংলা/