বিদেশে বাংলাদেশিদের কার্ডে ৯৮৭ কোটি টাকা ব্যয়, সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে

বিদেশে কেনাকাটা, ভ্রমণ ও বিভিন্ন সেবার মূল্য পরিশোধে ব্যাংক কার্ডের মাধ্যমে বিপুল অর্থ ব্যয় করছেন বাংলাদেশিরা। গত আগস্টে বাংলাদেশে ইস্যু করা ব্যাংক কার্ড ব্যবহার করে বিদেশে ৯৮৭ কোটি টাকা খরচ করেছেন গ্রাহকরা। এর মধ্যে ক্রেডিট কার্ডে ব্যয়ের পরিমাণ সবচেয়ে বেশি, ৫০৫ কোটি টাকা। এ তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।
বাংলাদেশ ব্যাংকের কার্ডভিত্তিক লেনদেনের তথ্য অনুযায়ী, আগস্টে বিদেশে ডেবিট কার্ডে ৪২২ কোটি এবং প্রিপেইড কার্ডে ৬০ কোটি টাকা ব্যয় হয়েছে। বিদেশে ক্রেডিট কার্ডে মোট ব্যয়ের ১৭ দশমিক ১৬ শতাংশ হয়েছে যুক্তরাষ্ট্রে। এরপর রয়েছে থাইল্যান্ড, যুক্তরাজ্য, ভারত ও সিঙ্গাপুর। দেশগুলোতে ক্রেডিট কার্ডে ব্যয়ের হার যথাক্রমে ১০ দশমিক ৮৬, ৯ দশমিক ৭৫, ৯ দশমিক ১২ ও ৭ দশমিক ৯৮ শতাংশ।
পাঁচ বছরে কার্ড লেনদেন বেড়েছে ১০৩ শতাংশ
বিদেশে কার্ডের মাধ্যমে ব্যয়ের পাশাপাশি দেশেও বাড়ছে কার্ডভিত্তিক লেনদেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত পাঁচ বছরে দেশে ব্যাংক কার্ডের মাধ্যমে লেনদেনের অর্থমূল্য বেড়েছে প্রায় ১০৩ শতাংশ।
২০২১ সালের সেপ্টেম্বরে দেশে কার্ডের মাধ্যমে লেনদেন হয়েছিল ২৪ হাজার ৫৬১ কোটি টাকা। চলতি বছরের আগস্টে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার ৭৭০ কোটি টাকায়।
একই সময়ে ব্যাংক কার্ডের সংখ্যাও বেড়েছে প্রায় ৯৬ শতাংশ। ২০২১ সালের সেপ্টেম্বরে দেশে কার্ডের সংখ্যা ছিল দুই কোটি ৭০ লাখের কিছু বেশি। চলতি বছরের আগস্টে তা বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ২৯ লাখ ৫৪ হাজার ২৪১টিতে।
বর্তমানে দেশে ডেবিট কার্ড রয়েছে ৪ কোটি ৮ লাখ ৮৭ হাজার ৮০৪টি। এ ছাড়া ক্রেডিট কার্ড ২৮ লাখ ৫ হাজার ৪৪৯টি এবং প্রিপেইড কার্ড ৯২ লাখ ৭০ হাজার ৯৮৮টি।
আগস্টে দেশে ক্রেডিট কার্ডে ব্যয় কমেছে
সামগ্রিক কার্ডভিত্তিক লেনদেন বাড়লেও গত আগস্টে দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ডে ব্যয় কিছুটা কমেছে। ওই মাসে ক্রেডিট কার্ডে লেনদেন হয়েছে ৪ হাজার ৮৯ কোটি ৩০ লাখ টাকা। আগের মাস জুলাইয়ে এ পরিমাণ ছিল ৪ হাজার ৩২৫ কোটি টাকা। সেই হিসাবে এক মাসে ক্রেডিট কার্ডে ব্যয় কমেছে ৫ দশমিক ৪৪ শতাংশ।
আগস্টে দেশের ভেতরে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি অর্থ ব্যয় হয়েছে ডিপার্টমেন্টাল স্টোরে। এ খাতে ব্যয়ের পরিমাণ ১ হাজার ৯৬৯ কোটি টাকা। এ ছাড়া খুচরা বিক্রয়কেন্দ্রে ৫১৮ কোটি, ইউটিলিটি বিল পরিশোধে ৪৪২ কোটি এবং ওষুধ কেনায় ২৮৪ কোটি টাকা ব্যয় করেছেন গ্রাহকরা।
বাংলাদেশে বিদেশিদের কার্ড ব্যয় বেড়েছে
অন্যদিকে, বিদেশি ব্যাংক কার্ড ব্যবহার করে বাংলাদেশে ব্যয়ের পরিমাণও বেড়েছে। গত আগস্টে বিদেশিরা বাংলাদেশে কার্ডের মাধ্যমে ২৪৯ কোটি টাকা ব্যয় করেছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগের মাসের তুলনায় এ ব্যয় বেড়েছে ৬ দশমিক ২৭ শতাংশ। আর গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৩৪ দশমিক ৬৬ শতাংশ।
এনএনবাংলা/
