সাজেকে কাল থেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ

তিন দফা দাবি পূরণ না হওয়ায় আগামীকাল বৃহস্পতিবার থেকে খাগড়াছড়ি-সাজেক পর্যটন সড়কে আবারও অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দিয়েছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন। অবরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সাজেকে অবস্থানরত পর্যটকদের বুধবার রাতের মধ্যেই এলাকা ছাড়ার অনুরোধ জানানো হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমার সই করা এক যৌথ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাঘাইহাট ও মাচলংবাজার দুর্গাপূজা উদ্যাপন কমিটির অনুরোধ এবং শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পর্যটক ও স্থানীয়দের সুবিধার কথা বিবেচনা করে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত রাখা হয়েছিল। পূজা শেষ হওয়ায় পূর্বঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার থেকে আবারও অবরোধ কর্মসূচি শুরু হবে।
আন্দোলনকারীদের অভিযোগ, গত ১১ অক্টোবর সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ শুরু হলে ওই দিন বিকেলে স্থানীয় প্রশাসন পর্যটন এলাকা থেকে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীকে ৪৮ ঘণ্টার মধ্যে সরিয়ে নেওয়াসহ তিন দফা দাবি পূরণের আশ্বাস দেয়। প্রশাসনের আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হলেও নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন করা হয়নি। এ কারণে ১৫ অক্টোবর আবারও অবরোধ পালন করেন তারা। পরে দুর্গাপূজা উপলক্ষে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত কর্মসূচি স্থগিত রাখা হয়।
যৌথ বিজ্ঞপ্তিতে নেতারা জানান, সাজেকের বাসিন্দাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সশস্ত্র সন্ত্রাসীদের দৌরাত্ম্য বন্ধ করতে পর্যটন এলাকা থেকে তাদের পুরোপুরি অপসারণ না করা পর্যন্ত অবরোধ চলবে।
তবে অবরোধের আওতামুক্ত থাকবে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী যানবাহন, সংবাদপত্র বহনকারী গাড়ি এবং সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের যানবাহন।
এদিকে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখা ও আইনশৃঙ্খলা রক্ষায় পর্যটন সড়কসহ আশপাশের এলাকায় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
এনএনবাংলা/
