সাম্প্রতিক
Skip to content

রাজধানীতে পাকিস্তানি নাগরিকের মরদেহ উদ্ধার

ছবিঃ সংগৃহীত

রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী এলাকায় নিজ বাসা থেকে মো. শাহাবাজ (২৬) নামের এক পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে দক্ষিণ বনশ্রীর এফ ব্লকের ৯/৫ নম্বর সড়কের একটি আবাসিক ভবনের নিচতলা থেকে তাকে উদ্ধার করা হয়।

নিহত শাহাবাজ পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। তিনি পাকিস্তানের মুলতান জেলার জালালপুর থানার চাহ গোলাম মোহাম্মদ গ্রামের নাজির আহমেদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে ভবনের দারোয়ান প্রথম বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে খিলগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে চাদর পেঁচানো অবস্থায় শাহাবাজকে উদ্ধার করে। দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালে নিয়ে যাওয়া হলে বেলা ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) জুবায়ের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এনএনবাংলা/ইএস