ঢাকা-চেন্নাই রুটে ইউএস বাংলার সপ্তাহে ৫ দিন ফ্লাইট

ঢাকা-চেন্নাই-ঢাকা রুটে ফ্লাইটের সংখ্যা বাড়াচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সপ্তাহে তিন দিনের পরিবর্তে এখন থেকে পাঁচ দিন এই রুটে ফ্লাইট পরিচালনা করবে বেসরকারি বিমান সংস্থাটি।
আগামী ১৩ নভেম্বর থেকে নতুন এই সূচি কার্যকর হবে বলে বাসস-কে জানিয়েছেন সংস্থাটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম।
তিনি জানান, বর্তমানে প্রতি সপ্তাহের মঙ্গলবার, বৃহস্পতিবার ও রোববার ঢাকা-চেন্নাই রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। যাত্রী চাহিদা বৃদ্ধি পাওয়ায় নতুন সূচিতে শুক্রবার ও শনিবার আরও দুটি ফ্লাইট যুক্ত করা হয়েছে। এর ফলে সপ্তাহে মোট পাঁচ দিন এই রুটে চলাচল করবে ফ্লাইট।
এই ফ্লাইট বৃদ্ধির ফলে চিকিৎসা ও ব্যবসায়িক কাজে চেন্নাইগামী যাত্রীদের পাশাপাশি দক্ষিণ ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও উপকূলীয় সৌন্দর্য উপভোগ করতে আগ্রহী পর্যটকদের যাতায়াত আরও সহজ হবে বলে আশা করছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
নতুন সূচি অনুযায়ী, ঢাকা থেকে ফ্লাইট বিএস ২০৫ সকাল ১০টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে চেন্নাই পৌঁছবে দুপুর ১২টা ৫৫ মিনিটে। অন্যদিকে, চেন্নাই থেকে ফিরতি ফ্লাইট বিএস ২০৬ দুপুর ১টা ৫৫ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছবে বিকেল ৫টা ৫ মিনিটে। এসব সময় স্থানীয় সময় অনুযায়ী নির্ধারিত।
ইউএস-বাংলা এয়ারলাইন্স বর্তমানে ১০টি দেশের ১৪টিরও বেশি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। পাশাপাশি দেশের অভ্যন্তরীণ পাঁচটি রুটেও নিয়মিত সেবা দিচ্ছে সংস্থাটি। এয়ারলাইন্সটির বহরে রয়েছে এয়ারবাস এ৩৩০, বোয়িং ৭৩৭ ও এটিআর ৭২-সহ মোট ২৫টি বিমান।
২০১৯ সালের ৩১ মার্চ ঢাকা-চেন্নাই রুটে ফ্লাইট চালু করে ইউএস-বাংলা এয়ারলাইন্স। চালুর পর থেকেই এ রুটে বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে।
এনএনবাংলা/এফএস
