প্রধানমন্ত্রীর জনসভাস্থলের পাশের পুকুর থেকে মরদেহ উদ্ধার

রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ সংলগ্ন একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টার দিকে লাশটি পুকুরের পানিতে ভেসে উঠলে পুলিশ তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
আজ বিকেল ৩টায় এই ঐতিহাসিক মাদ্রাসা মাঠেই মহানগর ও জেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। হাইপ্রোফাইল এই জনসভাস্থলের ঠিক পাশেই এমন একটি মরদেহ উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও কৌতুহলের সৃষ্টি হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে। উদ্ধারের সময় তার পরনে কেবল একটি হাফ প্যান্ট ছিল এবং মরদেহটিতে পচন ধরেছিল।
পুলিশের সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তের বরাত দিয়ে উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, “ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে ওই ব্যক্তি পুকুরে গোসল করতে নেমেছিলেন এবং কোনোভাবে পানিতে ডুবে তার মৃত্যু হয়। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে।”
পুলিশ প্রশাসন আরও জানিয়েছে, নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার পরিচয় শনাক্তের জন্য পুলিশের বিশেষ দল কাজ করছে। এদিকে প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে মাদ্রাসা মাঠ ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
এনএনবাংলা/ইএস
