১ মাসে মসজিদে নববীতে ২ কোটির বেশি মুসল্লির আগমণ

মদিনার পবিত্র মসজিদে নববীতে গত সেপ্টেম্বর মাসে রেকর্ডসংখ্যক ২ কোটি ১৬ লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসল্লি ও দর্শনার্থীর সমাগম ঘটেছে। দুই পবিত্র মসজিদের সেবা ও ব্যবস্থাপনা বিষয়ক সাধারণ কর্তৃপক্ষ (জেনারেল অথরিটি) সম্প্রতি এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করেছে।
প্রকাশিত তথ্যানুযায়ী, গত মাসে লাখো মানুষ মসজিদে ইবাদত করার পাশাপাশি পবিত্র রওজা শরীফ জিয়ারত ও বিভিন্ন সেবা গ্রহণ করেছেন। এর মধ্যে কেবল রওজা শরীফেই নামাজ আদায়ের সৌভাগ্য লাভ করেছেন ১৪ লাখ ৪৯ হাজার ৭৯১ জন মুসল্লি।
দর্শনার্থীদের যাতায়াত ও অবস্থান আরামদায়ক করতে মসজিদ প্রাঙ্গণে নানা সহায়তামূলক কার্যক্রম চালু ছিল। এর অংশ হিসেবে ৩ লাখ ৫৫ হাজার ১৩০ জনকে সঠিক পথনির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ২ লাখ ৮৭ হাজার ৮৮৬ জন মেহমান সরাসরি তথ্য ও অতিথি সেবা কেন্দ্র থেকে প্রয়োজনীয় সুবিধা নিয়েছেন।
ধর্মীয় আচার পালনের পাশাপাশি মসজিদের জ্ঞানভিত্তিক ও সাংস্কৃতিক কেন্দ্রগুলোতেও মানুষের বেশ আগ্রহ দেখা গেছে। মাসজুড়ে ৮১ হাজার ২৪৩ জন পাঠক মসজিদে নববীর সমৃদ্ধ গ্রন্থাগারটি ব্যবহার করেছেন। অন্যদিকে, ইসলামের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে আয়োজিত বিভিন্ন প্রদর্শনী উপভোগ করেছেন ১ লাখ ৩৭ হাজার ৮৬৭ জন দর্শনার্থী।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিপুল সংখ্যক মানুষের এই আগমনকে সুশৃঙ্খলভাবে সামাল দেওয়া তাদের উন্নত সেবামূলক প্রচেষ্টারই প্রমাণ। মসজিদে নববীর আধ্যাত্মিক ও শান্তিময় পরিবেশ বজায় রেখে মুসল্লিদের মদিনা সফরের অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করতে তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন।
এনএনবাংলা/ইএস
