নিয়োগের পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছেন প্রেসিডেন্টের কয়েকজন উপদেষ্টা।
এর মধ্য দিয়ে হোয়াইট হাউসের প্রধান মুখপাত্র হিসেবে জাকারিয়ার সংক্ষিপ্ত মেয়াদের অবসান ঘটল। দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই বিতর্ক ও নানা প্রশ্নের মুখে পড়েন তিনি।
শুক্রবার ফক্স নিউজের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, জাকারিয়ার বিকল্প খুঁজে নেওয়ার ক্ষেত্রে কোনো তাড়াহুড়ো নেই বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
এর আগে শুক্রবার (১৬ অক্টোবর) স্থানীয় সময় সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, তিনি কেটি জাকারিয়াকে এই পদে থাকা নিয়ে নতুন করে ভাবতে বলেছিলেন। হোয়াইট হাউস থেকে বের হওয়ার সময় ট্রাম্প বলেন, ‘সংবাদমাধ্যমের কারণে কেটি যেভাবে ভুগছে, তার এমনটা হওয়া উচিত নয় বলে আমি মনে করি। আমি তাকে বলেছি, সত্যি বলতে, আমি তোমার জায়গায় থাকলে নতুন করে চিন্তা করতাম। বিষয়টি ভেবে দেখো।’
প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করে তিনি আদৌ সুখী হতে পারবেন কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেন ট্রাম্প।
গত সোমবার দায়িত্ব নেওয়ার পর মঙ্গলবার হোয়াইট হাউসে প্রথম সংবাদ ব্রিফিং করেন জাকারিয়া। প্রায় ১৪ মিনিটের ওই ব্রিফিংয়ে তিনি মাত্র তিনটি সংবাদমাধ্যমের প্রশ্ন নেন। তার উপস্থাপনা নিয়ে সমালোচনার পাশাপাশি নিজের আইন পেশার যোগ্যতা নিয়েও প্রশ্নের মুখে পড়েন তিনি।
ট্রাম্প জাকারিয়াকে নিয়োগের ঘোষণা দেওয়ার সময় তাকে আইনজীবী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তবে বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জাকারিয়া জানান, তিনি বার পরীক্ষায় উত্তীর্ণ হননি। যুক্তরাষ্ট্রে আইনজীবী হিসেবে কাজ করার যোগ্যতা নিয়ে এ তথ্য প্রকাশের পর তার পরিচয় ও পেশাগত অভিজ্ঞতা নিয়ে বিতর্ক তৈরি হয়।
এদিকে, ফক্স নিউজের এক প্রতিবেদনে হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, জাকারিয়া দায়িত্ব থেকে সরে যাচ্ছেন। ফলে তার বিদায়ের প্রক্রিয়া নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে ভিন্ন ভাষ্য পাওয়া গেছে।
কেটি জাকারিয়া জানান, দায়িত্ব গ্রহণের বিষয়ে আগের সপ্তাহে তার কাছে প্রস্তাব এসেছিল। তিনি ক্যারোলিন লেভিটের স্থলাভিষিক্ত হয়েছিলেন।
এনএনবাংলা/এফএস
