সাম্প্রতিক
Skip to content

বাংলাদেশের মতো ভারতেও সরকার বদলের চেষ্টা চলছে: রাজনাথ সিং

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ছবি: মিডিয়া ইনফোলাইন

বাংলাদেশে ২০২৪ সালের জুলাইয়ে ঘটে যাওয়া গণ–অভ্যুত্থানের আদলে ভারতেও সরকার পরিবর্তনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তার দাবি, তরুণদের ব্যবহার করে দেশে অরাজক পরিস্থিতি তৈরির মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল করার চেষ্টা করছে একটি পক্ষ।

শুক্রবার (১৬ অক্টোবর) লখনউয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতের চলমান আন্দোলন ও সরকার পরিবর্তনের দাবি নিয়ে কথা বলতে গিয়ে এসব মন্তব্য করেন তিনি।

রাজনাথ সিং বলেন, ‘কেউ প্রকাশ্যে বাংলাদেশকে অনুসরণের কথা বলছেন। কেউ সরকার বদলের কথা প্রকাশ্যে স্বীকার করছেন। উদ্দেশ্য পরিষ্কার। তারা অরাজকতা তৈরি করে সরকার বদল করতে চায়। ঠিক যেমন বাংলাদেশে হয়েছে।’

সম্প্রতি অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরার একটি মন্তব্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করে ভারতের কয়েকটি গণমাধ্যম। সেখানে নেহার বরাত দিয়ে বলা হয়, ২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশে হওয়া আন্দোলন তাকে অনুপ্রাণিত করেছে। পরে তার ওই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন বিজেপি নেতারা।

এ ঘটনাকে কেন্দ্র করে ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতারা। তাদের সন্দেহ, নির্বাচনী ব্যবস্থা সংস্কারের দাবির আড়ালে সরকার পরিবর্তনের লক্ষ্য রয়েছে আন্দোলনকারীদের।

অনুষ্ঠানে রাজনাথ সিং অভিযোগ করেন, ভারতে বিশৃঙ্খল রাজনৈতিক পরিস্থিতি তৈরির জন্য তরুণদের দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করার চেষ্টা চলছে। তার ভাষ্য, কেউ কেউ বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনার আদলে সরকার পরিবর্তনের চেষ্টা করছেন এবং প্রকাশ্যেই সরকার ফেলে দেওয়ার কথা বলছেন।

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর দাবি, এই আন্দোলনের উদ্দেশ্য নির্বাচনী ব্যবস্থা সংস্কার কিংবা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) বা জ্ঞানেশ কুমারকে কেন্দ্র করে নয়। বরং দেশে অরাজকতা সৃষ্টি করে ক্ষমতা দখলের ষড়যন্ত্র চলছে। তবে তার এসব অভিযোগের পক্ষে কোনো নির্দিষ্ট প্রমাণের কথা বক্তব্যে উল্লেখ করা হয়নি।

ভোটার তালিকা নিয়ে বিরোধীদের অভিযোগের সমালোচনা করে রাজনাথ সিং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বক্তব্যের প্রসঙ্গও তোলেন। তিনি বলেন, রাহুল একবার দাবি করেছিলেন, ৭০ বছর বয়সী এক নারী দ্বৈত ভোটার। অন্য এক সময়ে তিনি অভিযোগ করেন, ৩৫ বছর বয়সী এক নারী ১২৪ বছরের ভোটার। রাজনাথের অভিযোগ, এ ধরনের বক্তব্যের মাধ্যমে সাধারণ নাগরিকদের ভুয়া ভোটার হিসেবে চিহ্নিত করে তাদের সম্মানহানি করা হচ্ছে।

এদিকে, ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও জেন-জি বিক্ষোভকে বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে তুলে ধরছেন বিজেপির সমর্থকেরা। তাদের দাবি, বাংলাদেশ ও নেপালের মতো ভারতেও সরকার পরিবর্তনের চেষ্টা করছে কথিত ‘ডিপ স্টেট’।

সম্প্রতি প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণের একটি মন্তব্যের পর এ বিতর্ক আরও জোরালো হয়। নেহা বোরার ও সিজেপির অভিজিৎ দীপকের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনে প্রশান্ত ভূষণ বলেন, ‘হ্যাঁ, আমরা কেন্দ্র সরকারে বদল চাই।’

তিনি আরও বলেন, ‘আমরা সবাই কেন্দ্র সরকারে বদল চাই। এতে কোনো সমস্যা আছে?’ বিজেপিও অতীতে সরকার পরিবর্তনের লক্ষ্যে একাধিক আন্দোলন করেছে বলে দাবি করেন এই আইনজীবী। তার বক্তব্য, অতীতে নিজেরাও আন্দোলন করা একটি দলের মুখে ষড়যন্ত্রের তত্ত্ব মানায় না।

এনএনবাংলা/