মৌসুমীকে নিয়ে অপপ্রচার, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি ছেলের

চিত্রনায়িকা মৌসুমী ও নিজের পরিবারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা ওমর সানী। মিথ্যা তথ্য ছড়ানো পোস্ট ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে না নিলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। একই সঙ্গে মানহানির মামলা করার প্রস্তুতির কথা জানিয়েছেন ছেলে ফারদিন।
বুধবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন ওমর সানী। এ সময় ভিডিও কলে যুক্ত হন ফারদিন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়ায়, ফারদিন পরিবারের সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে যুক্তরাষ্ট্রের বাসা থেকে মা মৌসুমীকে বের করে দিয়েছেন। তবে এ খবরকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন ওমর সানী। তার ভাষ্য, ফারদিন বর্তমানে দুবাইয়ে এবং মৌসুমী যুক্তরাষ্ট্রে রয়েছেন। যুক্তরাষ্ট্রে তাদের কোনো সম্পত্তি নেই বলেও দাবি করেন তিনি।
ওমর সানী বলেন, ‘আমার পরিবার নিয়ে মিথ্যা কথা ছড়াবেন না। যেসব পোস্টে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলো ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে না নিলে মামলা করব।’
এদিকে ফারদিন বলেন, তাকে নিয়ে খবর প্রকাশের পর বিষয়টি লাখো মানুষের কাছে পৌঁছে যায়। বিশেষ করে বাবা-মাকে নিয়ে নেতিবাচক আলোচনা হওয়ায় তিনি ক্ষুব্ধ হয়েছেন। তিনি বলেন, ‘কেউ আমাকে নিয়ে ভিউ ব্যবসা করলে, আমাকে নিয়ে মন্তব্য করে টাকা আয় করলে করুক। কিন্তু আমার পরিবার, আমার মা-কে নিয়ে কথা বলা ঠিক নয়।’
ফারদিন আরও জানান, পরিবারের সদস্যরা দূরে থাকলেও নিয়মিত গ্রুপ কলে কথা বলেন এবং তাদের মধ্যে কোনো পারিবারিক ভাঙন নেই। এ ঘটনায় ইতিমধ্যে তার আইনজীবীদের একটি দল কাজ শুরু করেছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনি নোটিশ পাঠানোর পাশাপাশি মানহানির মামলা করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
এনএনবাংলা/
