সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

৮৪-তে বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন

ছবি: সংগৃহীত

চলচ্চিত্র জগতে এমন কিছু নাম থাকে, যা শুধু কিছু অক্ষরের সমষ্টি নয়, বরং একটি ইতিহাস, একটি যুগ। অমিতাভ বচ্চন সেই বিরল নামগুলির মধ্যে একটি। আজ, ১১ অক্টোবর, এই মহাতারকা পা রাখলেন জীবনের আরও এক নতুন বছরে। ৮৪ বছরে অমিতাভ বচ্চন। কিন্তু বয়স তাঁর কাছে সত্যিই কেবলমাত্র একটি সংখ্যা। আজও তাঁর কণ্ঠের জাদু, চোখের মায়া, আর পর্দার উপস্থিতি সমানভাবে মুগ্ধ করে কোটি কোটি দর্শককে। সকাল থেকেই অনুরাগী ও সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন ‘বিগ বি’।

১৯৪২ সালের ১১ অক্টোবর ভারতের উত্তর প্রদেশের এলাহাবাদে (বর্তমান প্রয়াগরাজ) জন্মগ্রহণ করেন তিনি। দীর্ঘ ছয় দশকেরও বেশি সময়ের অভিনয়জীবনে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়ে ভারতীয় চলচ্চিত্রে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন এই অভিনেতা। অমিতাভের বাবা ছিলেন বিখ্যাত কবি হরিবংশ রাই বচ্চন এবং মা তেজি বচ্চন। তাঁর আসল নাম অমিতাভ শ্রীবাস্তব। বাবার পরামর্শে মায়ের ‘বচ্চন’ পদবি নিজের নামের সঙ্গে যুক্ত করেন তিনি। এরপর থেকেই অমিতাভ বচ্চন নামে পরিচিতি পান।

অভিনয়জগতে আসার আগে ১৯৬০-এর দশকে অল ইন্ডিয়া রেডিওতে অডিশন দিয়েছিলেন অমিতাভ। তবে সে সময় সফল হননি। পরবর্তী সময়ে ১৯৬৯ সালে মৃণাল সেনের ‘ভুবন সোম’ সিনেমায় কণ্ঠ বর্ণনাকারী হিসেবে কাজ করেন তিনি। একই বছর ‘সাত হিন্দুস্তানি’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে তাঁর।

এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি অমিতাভকে। পাঁচ দশকেরও বেশি সময় ধরে বলিউডে দাপটের সঙ্গে কাজ করেছেন তিনি। দুই শতাধিক সিনেমায় অভিনয় করা এই তারকার জনপ্রিয় চলচ্চিত্রের তালিকায় রয়েছে ‘শোলে’, ‘দিওয়ার’, ‘অমর আকবর অ্যান্থনি’, ‘ডন’, ‘মুকাদ্দর কা সিকান্দার’, ‘চুপকে চুপকে’, ‘সিলসিলা’, ‘কুলি’, ‘শাহেনশাহ’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘বীর-জারা’, ‘খাকি’ ও ‘কাভি আলবিদা না কেহনা’। একবিংশ শতকেও অভিনয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন অমিতাভ বচ্চন। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের মাধ্যমে নতুন প্রজন্মের দর্শকদের কাছেও নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন তিনি। চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমেও ব্যাপক পরিচিতি পেয়েছেন এই অভিনেতা।

অভিনয়জীবনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন অমিতাভ। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে চারবার শ্রেষ্ঠ অভিনেতার সম্মান অর্জন করেছেন তিনি। এ ছাড়া পেয়েছেন একাধিক ফিল্মফেয়ার পুরস্কার। ভারতের বেসামরিক সম্মাননা পদ্মশ্রী, পদ্মভূষণ ও পদ্মবিভূষণে ভূষিত হয়েছেন তিনি। ২০১৮ সালে পান ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার।

দীর্ঘ অভিনয়জীবন, স্মরণীয় সংলাপ, স্বতন্ত্র কণ্ঠস্বর ও শক্তিশালী পর্দা-উপস্থিতির কারণে অমিতাভ বচ্চন আজও বলিউডের অন্যতম প্রভাবশালী অভিনেতা। ৮৪ বছরে পা রেখে তাঁর এই বর্ণাঢ্য জীবন ও কর্মজীবন নতুন করে আলোচনায় এসেছে ভক্ত ও চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে।

এনএন বাংলা/এনজেড