হুট করেই বিয়ে করতে পারেন কেয়া পায়েল

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল এবার ওটিটিতে অভিষেক করতে যাচ্ছেন। জাহিদ প্রীতম পরিচালিত ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’-এর মাধ্যমে প্রথমবারের মতো ওটিটিতে দেখা যাবে তাকে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আরিফিন শুভ।
সব কাজ শেষে মুক্তির অপেক্ষায় থাকা ‘হ্যাপিলি ম্যারিড’ আগামী ৭ অক্টোবর রাত ১২টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে। নিজের প্রথম ওয়েব ফিল্ম নিয়ে বেশ উচ্ছ্বসিত কেয়া পায়েল।
প্রথম ওটিটি কাজ নিয়ে উচ্ছ্বসিত কেয়া পায়েল
ওটিটিতে কাজের প্রস্তাব আগেও পেয়েছেন বলে জানান কেয়া পায়েল। তবে নিজের প্রথম ওয়েব কনটেন্ট হিসেবে এমন একটি গল্প ও চরিত্রের অপেক্ষায় ছিলেন, যেখানে নাটকের পরিচিত চরিত্রগুলোর বাইরে দর্শক তাকে নতুনভাবে দেখতে পাবেন।
অভিনেত্রীর ভাষ্য, ‘ওটিটিতে কাজের প্রস্তাব তো অনেক এসেছে। বিশেষ করে ওয়েব ফিল্মের। কিন্তু আমার সব সময় মনে হয়েছে, এমন কোনো চরিত্রে, এমন কোনো গল্পে কাজ করতে হবে, যেখানে মানুষ একটু আলাদা করতে পারবে আমাকে। কারণ, আমি যেহেতু নিয়মিত নাটকে কাজ করি, তাই নাটকের বাইরে ফিল্মে বা ওয়েব ফিল্মে যখন কাজ করব, সেখানে যেন স্পেশাল পায়েলকে দেখতে পায় সবাই। আমার মনে হয়েছে, হ্যাপিলি ম্যারিড এমন একটা ফিল্ম, যেখানে আমাকে দর্শক ভিন্নভাবে দেখতে পারবে।’

প্রথমবার আরিফিন শুভর সঙ্গে কাজ
‘হ্যাপিলি ম্যারিড’-এ প্রথমবারের মতো আরিফিন শুভর সঙ্গে জুটি বেঁধেছেন কেয়া পায়েল। কাজের অভিজ্ঞতা জানাতে গিয়ে শুভর পেশাদারিত্ব ও সহযোগিতার প্রশংসা করেছেন তিনি।
কেয়া পায়েল বলেন, ‘আমি খুব এক্সাইটেড। কারণ, এটা আমার প্রথম ওয়েব ফিল্ম, এর গল্পটাও দারুণ। আমরা সুন্দর করে কাজটি করেছি। প্রথমবার আরিফিন শুভ ভাইয়ের সঙ্গে কাজ করা হলো। তিনি খুব আন্তরিক, প্রফেশনাল, চুপচাপ এবং অনেক হেল্পফুল। প্রথম দিকে ভাবছিলাম, তিনি সিনিয়র এবং এত অভিজ্ঞ, তার সঙ্গে ঠিকঠাকমতো কাজটি করতে পারব কি না; কিন্তু কাজ করতে গিয়ে এসব ভাবনা একবারের জন্যও মাথায় আসেনি। সহশিল্পী হিসেবে তিনি অসাধারণ।’
আনিস-অনামিকার গল্প
‘হ্যাপিলি ম্যারিড’-এর গল্প আবর্তিত হয়েছে বর্তমান সময়ের জটিল মনস্তাত্ত্বিক ও সামাজিক টানাপোড়েনকে ঘিরে। গল্পে একদিকে রয়েছে সহজ-সরল ও সৎ যুবক আনিস। অন্যদিকে উচ্চবিত্ত ও আধুনিক শহুরে সংস্কৃতিতে বেড়ে ওঠা তরুণী অনামিকা।
সোশ্যাল মিডিয়ার রোমাঞ্চ, সেলিব্রিটি ফ্যান্টাসি এবং ভার্চুয়াল জগতের মোহনীয় রঙিন দুনিয়াকে ঘিরেই অনামিকার স্বপ্ন। আনিস চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ এবং অনামিকা চরিত্রে দেখা যাবে কেয়া পায়েলকে।

‘হ্যাপিলি ম্যারিড’ লিখে বিয়ের গুঞ্জন
অভিনয়ের প্রয়োজনে ক্যামেরার সামনে বহুবার বউ সাজলেও বাস্তবে এখনো বিয়ের পিঁড়িতে বসেননি কেয়া পায়েল। তবে গত জুলাইয়ে তার প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল। এর মধ্যেই ‘হ্যাপিলি ম্যারিড’-এর ফটোশুটের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে ক্যাপশনে লেখেন, ‘হ্যাপিলি ম্যারিড’।
তখন অনেকেই ধারণা করেছিলেন, হয়তো বিয়েটা সেরেই ফেলেছেন অভিনেত্রী। পরে অবশ্য জানা যায়, পোস্টটি ছিল ওয়েব ফিল্মটির প্রচারের অংশ।
‘বিয়েটা হুট করেই হয়ে যাবে’
তবে নিজের বিয়ে নিয়ে কেয়া পায়েলের ভাবনাটা বেশ মজার। কবে জীবনের নতুন অধ্যায় শুরু করবেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিয়ে অবশ্যই করবেন। তবে এ বিষয়ে ভাগ্যের ওপরই আস্থা তার।
কেয়া পায়েলের কথায়, ‘অবশ্যই বিয়ে করব। তবে আমি ভাগ্যে বিশ্বাসী। দেখা যাক, কবে এটা হয়। যখন ভাগ্যে লেখা আছে, তখনই হবে এবং সবাই সেটা জানতে পারবে। কিন্তু আমার কেন যেন মনে হয়, বিয়েটা হুট করেই হয়ে যাবে আমার।’
এনএনবাংলা/
