ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে টানা ভারি বৃষ্টি, বন্যা ও ভূমিধসে গত তিন দিনে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় রাজ্যের বিভিন্ন এলাকায় এক হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। রোববার (২৭ সেপ্টেম্বর) এ তথ্য প্রকাশ করা হয়। খবর বার্তা সংস্থা এএফপির।
রাজ্যের ত্রাণ কমিশনারের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তর প্রদেশের বিস্তীর্ণ এলাকায় অস্বাভাবিক ভারি বৃষ্টিপাতের সময় এসব প্রাণহানির ঘটনা ঘটে। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া একটি নিম্নচাপ স্থলভাগের দিকে অগ্রসর হওয়ার পর পুরো অঞ্চলে বৃষ্টিপাতের তীব্রতা বেড়ে যায়।
শুক্রবার থেকে রোববার পর্যন্ত উত্তর প্রদেশে ৬৬ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অথচ এই সময়ে রাজ্যটিতে মৌসুমি গড় বৃষ্টিপাতের পরিমাণ মাত্র ৭ দশমিক ৬ মিলিমিটার।
২৪ কোটিরও বেশি মানুষের বসবাস উত্তর প্রদেশে। ভারতের সবচেয়ে জনবহুল এই রাজ্যে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা মৌসুমে প্রায়ই ভারি বৃষ্টি ও বজ্রঝড় দেখা যায়।
ভারতের আবহাওয়া অফিস সাম্প্রতিক বছরগুলোতে তীব্র বজ্রঝড়, বজ্রপাতসহ চরম আবহাওয়াজনিত ঘটনা বাড়ার বিষয়ে সতর্ক করে আসছে। বিশেষজ্ঞদের মতে, এসব ঘটনার সঙ্গে ক্রমবর্ধমান তাপমাত্রা এবং জলবায়ুর পরিবর্তিত ধরন সম্পর্কিত।
এনএনবাংলা/
