সাম্প্রতিক
Skip to content

আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ইরানের

ছবি: ম্যার্কো প্রেস

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এবার আর্জেন্টিনার সঙ্গে নতুন করে কূটনৈতিক বিরোধে জড়াল তেহরান। দেশটির নৌবাহিনী ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

ইরানের এ পদক্ষেপকে আর্জেন্টিনার পাল্টা সিদ্ধান্তের জবাব হিসেবে দেখা হচ্ছে। গত এপ্রিলে আর্জেন্টিনা ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছিল।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্তের পক্ষে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেয়নি। তবে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এটা স্পষ্ট যে এই সিদ্ধান্তের ফলে উদ্ভূত সব পরিণতির দায়ভার আর্জেন্টিনা সরকারের ওপরই বর্তাবে।’

তেহরানের বিবৃতিতে আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীর কথা উল্লেখ করা হলেও দেশটির সেনাবাহিনীকে এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।

আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার পেছনে আর্জেন্টিনার যুক্তি ছিল, ইরানের এই বিশেষ বাহিনী লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে সহায়তা দিয়ে আসছে। ১৯৯৪ সালে বুয়েনস এইরেসে ইহুদি কমিউনিটি সেন্টার এএমআইএতে ভয়াবহ বোমা হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করে আসছে আর্জেন্টিনা।

দেশটির ইতিহাসের অন্যতম ভয়াবহ ওই হামলায় ৮৫ জন নিহত হন। আহত হন আরও শত শত মানুষ।

ইরানের শিয়া ধর্মীয় শাসনব্যবস্থা রক্ষার লক্ষ্যে গঠিত আইআরজিসি দেশটির অন্যতম প্রভাবশালী সামরিক বাহিনী। সামরিক কর্মকাণ্ডের পাশাপাশি ইরানের অর্থনীতির বড় একটি অংশও নিয়ন্ত্রণ করে এই বাহিনী।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মিত্র দেশগুলোকে আইআরজিসির বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানানোর পর আর্জেন্টিনা বাহিনীটির বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিল। এরই পাল্টা প্রতিক্রিয়ায় আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান।

এনএনবাংলা/