সাম্প্রতিক
Skip to content

খেজুরসহ রমজানের ১১ পণ্য বাকিতে আমদানির অনুমতি

ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারমূল্য সহনীয় পর্যায়ে রাখতে বড় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। খেজুরসহ রমজানে চাহিদা বেশি থাকা ১১টি পণ্য আমদানিতে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত বাকিতে (ইউসেন্স) আমদানির সুযোগ দেওয়া হয়েছে। ফলে আমদানিকারকরা পণ্য দেশে আনার পর নির্ধারিত সময়ের মধ্যে মূল্য পরিশোধ করতে পারবেন।

বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

নতুন নির্দেশনার আওতায় চাল, গম (আটা), পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর আমদানি করা যাবে। এসব পণ্য আমদানির ক্ষেত্রে সরবরাহকারীর ঋণ (সাপ্লায়ার্স ক্রেডিট) অথবা ক্রেতার ঋণের (বায়ার্স ক্রেডিট) সুবিধা নিতে পারবেন ব্যবসায়ীরা।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের সূত্রে জানা গেছে, প্রতিবছর রমজান মাসে এসব পণ্যের চাহিদা বেড়ে যায়। এ সময় বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দাম ধরে রাখার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, আমদানিকারকরা পণ্য আমদানির বিপরীতে সর্বোচ্চ ৯০ দিন পর মূল্য পরিশোধ করতে পারবেন। এতে ব্যবসায়ীরা আগেভাগেই আমদানির উদ্যোগ নিতে পারবেন এবং রমজানকেন্দ্রিক পণ্যের সরবরাহ নিশ্চিত করা সহজ হবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।

এনএনবাংলা/