সাম্প্রতিক
যুক্তরাজ্যের এইচপিআই ভিসা তালিকা প্রকাশ, নেই বাংলাদেশসহ ভারত-পাকিস্তানের কোনো বিশ্ববিদ্যালয় শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক খেলাপি সিটি গ্রুপ পাচ্ছে ১,৭০০ কোটি টাকার নতুন ঋণ পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক শ্রমিকদের ব্যবহার করে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু ও হামে ২৪ ঘণ্টায় ৬ জন করে ১২ মৃত্যু নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে বিসিবি মজুরি বোর্ড নিরপেক্ষভাবে যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে: মাহদী আমিন
Skip to content

রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

ছবি: সংগৃহীত

বৈদেশিক মুদ্রাবাজারে ডলারের ক্রমবর্ধমান দর নিয়ন্ত্রণ ও স্থিতিশীলতা ফেরাতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে আরও ১০ কোটি মার্কিন ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (৪ নভেম্বর) নিলাম প্রক্রিয়ায় ব্যাংকগুলোর কাছে এসব ডলার বিক্রি করা হয়। এর আগে গত সপ্তাহে দীর্ঘ বিরতির পর আরও ১২ কোটি ২০ লাখ ডলার বিক্রি করেছিল কেন্দ্রীয় ব্যাংক।

জ্বালানিসহ বিভিন্ন পণ্য আমদানিতে ব্যয় বেড়ে যাওয়ায় বৈদেশিক মুদ্রাবাজারে ডলারের চাহিদা বাড়ছে। এ পরিস্থিতিতে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে রিজার্ভ থেকে ডলার বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বুধবারের নিলামে প্রতিটি ব্যাংককে একক বিডে সর্বনিম্ন ৫ লাখ ডলার কেনার আবেদন করতে বলা হয়। এর আগে মঙ্গলবারও ১০ কোটি ডলার বিক্রির জন্য নিলাম ডেকেছিল বাংলাদেশ ব্যাংক। বেশ কয়েকটি ব্যাংক এতে অংশ নিলেও শেষ মুহূর্তে নিলামটি বাতিল করা হয়। তবে কী কারণে নিলাম বাতিল করা হয়েছিল, সে বিষয়ে ব্যাংকগুলোকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

এর আগে ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের আগ পর্যন্ত টানা তিন বছর রিজার্ভ থেকে বিপুল পরিমাণ ডলার বিক্রি করেছিল বাংলাদেশ ব্যাংক। এতে ২০২১ সালের আগস্টে ৪৮ বিলিয়ন ডলারের বেশি থাকা বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ২৫ দশমিক ৯২ বিলিয়ন ডলারে নেমে আসে।

তবে গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার পর ড. আহসান এইচ মনসুর রিজার্ভ থেকে এক ডলারও বিক্রি না করার অবস্থান জানান। বর্তমান গভর্নরও একই নীতি বজায় রাখেন। ফলে ধীরে ধীরে বাড়তে থাকে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। গত ২৯ জুন তা ৩৭ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করে। গত ১ সেপ্টেম্বর রিজার্ভ বেড়ে দাঁড়ায় ৩৭ দশমিক ৪১ বিলিয়ন ডলারে। তবে সেখান থেকে কমে গত মঙ্গলবার তা ৩৬ দশমিক ৪৩ বিলিয়ন ডলারে নেমে এসেছে।

এদিকে বৈশ্বিক পরিস্থিতির উন্নতির সম্ভাবনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেল ও ডলারের দাম কমেছে বলে মনে করছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন এবং ইসরাইলে ক্ষমতার পালাবদলের প্রেক্ষাপটে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির উন্নতির আশা তৈরি হয়েছে। এর প্রভাব বুধবার বিশ্ববাজারে তেল ও ডলারের দামে পড়েছে। বাংলাদেশেও চলমান পরিস্থিতির উন্নতি হতে পারে বলে আশা করছেন তারা।

অন্যদিকে দীর্ঘদিন স্থিতিশীল থাকার পর সম্প্রতি দেশের আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রাবাজারে ডলারের দাম বাড়ছে। চলতি সপ্তাহে ডলারের বিনিময় হার ১২৪ টাকা ছাড়িয়ে গেছে। গত দুই দিন আন্তঃব্যাংক বাজারে প্রতি ডলার বিক্রি হয়েছে ১২৪ টাকা ৩৫ পয়সায়। এর আগের দুই দিন দর ছিল ১২৪ টাকা ৩০ পয়সা।

এর আগে গত অক্টোবরের শুরুতে আন্তঃব্যাংক বাজারে ডলারের দাম ছিল ১২৩ টাকা। সেখান থেকে ধীরে ধীরে বেড়ে মাসের শেষ কর্মদিবসে ১২৩ টাকা ৯৯ পয়সায় দাঁড়ায়। আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রায় দেড় বছর আন্তঃব্যাংক বাজারে ডলারের দাম ১২১ থেকে ১২২ টাকা ৩০ পয়সার মধ্যে স্থিতিশীল ছিল। চলতি বছরের মার্চ থেকে ধারাবাহিকভাবে বাড়তে বাড়তে বর্তমানে ১২৪ টাকা ৩৫ পয়সায় পৌঁছেছে।

এনএনবাংলা/