সাম্প্রতিক
Skip to content

দেশে স্বর্ণের দাম আরও বাড়লো

ছবিঃ সংগৃহীত

দেশের বাজারে ফের রেকর্ড ভেঙে বাড়ল স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিদ্ধান্ত অনুযায়ী, সবথেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এখন থেকে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা (ভ্যাটসহ) নির্ধারণ করা হয়েছে।

আজ দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্তও এই মানের স্বর্ণের ভরি ছিল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। অর্থাৎ, মুহূর্তের ব্যবধানে প্রতি ভরিতে দাম বেড়েছে ৩ হাজার ৩২৪ টাকা।আজ বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির এক জরুরি বৈঠকে এই নতুন মূল্যতালিকা অনুমোদন করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ দুপুর দেড়টা থেকে এই নতুন দাম কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, শুধু ২২ ক্যারেটই নয়, বেড়েছে অন্য সব মানের স্বর্ণের দামও। এখন থেকে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে ক্রেতাদের গুনতে হবে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকায়।

তবে স্বর্ণের বাজারে এই বড় ধরনের উত্থান হলেও রুপার দাম রয়েছে সম্পূর্ণ অপরিবর্তিত। আগের দাম বহাল থাকায় ক্রেতারা ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৫০০ টাকাতেই কিনতে পারবেন। পাশাপাশি ২১ ক্যারেটের রুপা ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের রুপা ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ২১৬ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

এনএনবাংলা/ইএস