সাম্প্রতিক
Skip to content

নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে বিসিবি

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়দের যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তদন্ত কমিটি। বিসিবির তদন্ত প্রতিবেদনে নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন বিসিবির আইনজীবী মাহিন এম রহমান।

আজ বুধবার (৪ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে বিসিবির আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান এসব কথা বলেন।

তবে ভুক্তভোগীদের পরিচয় ও গোপনীয়তা রক্ষায় তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে না বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের যৌন হয়রানির তদন্তে দোষী প্রমাণিত হওয়ার পর সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয় নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামকে। এরপর অনেকটা গোপনেই সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে হাইকোর্টের দুটি বেঞ্চে রিট করেন মঞ্জুরুল।

এর আগে বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়দের যৌন হয়রানির অভিযোগে দোষী প্রমাণিত হওয়ায় নারী জাতীয় ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও ম্যানাজার মঞ্জুরুল ইসলামকে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে আজীবন নিষিদ্ধ করেছিল বিসিবি। পরবর্তীতে নিজের ওপর অর্পিত এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন জানিয়ে হাইকোর্টের দুটি পৃথক বেঞ্চে রিট আবেদন করেন মঞ্জুরুল। উক্ত রিটের উচ্চ আদালতের শুনানি চলাকালেই বিসিবির পক্ষ থেকে যৌন হয়রানির পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন বিচারকের সমক্ষে তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে বিসিবির আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান আরও উল্লেখ করেন যে, বাংলাদেশের সব কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে নারীদের যৌন হয়রানি প্রতিরোধ ও বন্ধের জন্য ২০০৯ সালের ১৪ মে হাইকোর্ট একটি ঐতিহাসিক রায় দিয়েছিলেন। সেই হাইকোর্টের দিকনির্দেশনা ও রায়ের ওপর ভিত্তি করেই দেশের ক্রীড়াঙ্গনে যৌন নির্যাতন প্রতিরোধে বিসিবি ইতিমধ্যেই একটি শক্তিশালী কমিটি গঠন করেছে এবং শৃঙ্খলা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে।

এনএনবাংলা/এফএস