সাম্প্রতিক
Skip to content

নিজের সাক্ষাৎকার দেখলেই কেন ‘ক্রিঞ্জ’ লাগে শবনম ফারিয়ার?

ছবিঃ সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় ও পরিচিত মুখ শবনম ফারিয়া। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় তিনি। মাঝেমধ্যেই নিজের নানা ব্যক্তিগত অনুভূতি ও অভিজ্ঞতার কথা ভক্তদের সঙ্গে শেয়ার করেন এই অভিনেত্রী। তবে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পুরোনো সাক্ষাৎকার দেখা নিয়ে এক অদ্ভুত ও মজার অস্বস্তির কথা জানিয়েছেন ফারিয়া। নিজের ইন্টারভিউ চোখের সামনে পড়লে তিনি সেটি লুকিয়ে রাখেন বা হাইড করে দেন বলেও জানান।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে শবনম ফারিয়া লেখেন, ‘বিভিন্ন পেজ থেকে আমার নিজের ইন্টারভিউ আমার হোম পেইজে আসলে এতো ক্রিঞ্জ লাগে! নট ইন্টারেস্টেড দিয়ে হাইড করে দেই!’

নিজের এই ভালো না লাগা বা অস্বস্তির পেছনের কারণও খোলাসা করেছেন তিনি। অভিনেত্রী আরও লেখেন, ‘আমারই এমন লাগে, অন্যদের জানি কেমন লাগে। বিশ্বাস করেন এজন্য আমি কোন পডকাস্টে যাই না, একবার গেলে ৩ মাস এই এক জিনিসই দেখা লাগে।’

শবনম ফারিয়ার এমন স্বীকারোক্তির পর তার ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে ভক্ত ও অনুরাগীদের বেশ ভিড় জমেছে। অনেকেই অভিনেত্রীর এই অনুভূতির সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। তাদের মতে, ফারিয়ার সাক্ষাৎকার দেখতে এবং তার কথাবার্তা শুনতে তাদের বেশ ভালোই লাগে। এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘কী বলেন! আমার তো আপনার কথা শুনতে ভালোই লাগে।’ অন্য একজন লিখেছেন, ‘আপনার কথাগুলো সুন্দর, ভালো লাগে।’

মডেলিং ও টেলিভিশন বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়ায় পা রাখা শবনম ফারিয়ার নাটকে অভিষেক ঘটে ২০১৩ সালে ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকের মাধ্যমে। এরপর ২০১৮ সালে বিখ্যাত ‘দেবী’ চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় তার অভিষেক হয়। প্রথম সিনেমাতেই দুর্দান্ত অভিনয় করে তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে বাচসাস পুরস্কার এবং শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার লুফে নেন।

এনএনবাংলা/ইএস