সাম্প্রতিক
Skip to content

অক্টোবরেই আসছে তিন লাক্স সুন্দরীর ওয়েব ফিল্ম ‘ক্যাফে আমব্রেলা’

ছবি: আইস্ক্রিন

লাক্স সুপারস্টার ২০২৫-এর সেরা তিন প্রতিযোগী বিদুষী বর্ণিতা, নাযাহ নাওয়ার ও আমিনা ইসলামকে নিয়ে নির্মিত ওয়েব ফিল্ম ‘ক্যাফে আমব্রেলা’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৯ অক্টোবর। নির্মাতা শিহাব শাহীনের পরিচালনায় রোমান্স ও ড্রামা ঘরানার এই ওয়েব ফিল্মটি দেখা যাবে আইস্ক্রিনে। সম্প্রতি প্রকাশিত হয়েছে এর ট্রেলার, যেখানে উঠে এসেছে চার জুটির চার রকম ভালোবাসার গল্প।

লাক্স সুপারস্টার ২০২৫-এর গ্র্যান্ড ফিনালেতে প্রতিযোগিতার চ্যাম্পিয়নকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন নির্মাতা রায়হান রাফী। একই অনুষ্ঠানে সেরা তিন বিজয়ীকে নিয়ে ওয়েব ফিল্ম নির্মাণের দায়িত্ব পান শিহাব শাহীন। সেই ঘোষণা অনুযায়ী বিদুষী বর্ণিতা, নাযাহ নাওয়ার ও আমিনা ইসলামকে নিয়ে তৈরি হয়েছে ‘ক্যাফে আমব্রেলা’।

ওয়েব ফিল্মটিতে চার জুটির সম্পর্কের নানা দিক তুলে ধরা হয়েছে। প্রেমের মিষ্টি মুহূর্তের পাশাপাশি গল্পে রয়েছে সম্পর্কের টানাপোড়েন, মান-অভিমান, ভুল-বোঝাবুঝি ও আবেগের নানা প্রকাশ। চারটি আলাদা গল্পের মধ্য দিয়ে এগিয়ে যাবে কাহিনি, যেগুলো একপর্যায়ে একে অপরের সঙ্গে যুক্ত হবে।

‘ক্যাফে আমব্রেলা’য় বিদুষী বর্ণিতার বিপরীতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। নাযাহ নাওয়ারের সঙ্গে রয়েছেন পার্থ শেখ এবং আমিনা ইসলামের বিপরীতে দেখা যাবে আরেফিন জিলানিকে। অন্য জুটিতে অভিনয় করেছেন সাইদুর রহমান পাভেল ও সানজিদা তাসনিম।

এই ওয়েব ফিল্মের মাধ্যমে অভিনয়ে অভিষেক হচ্ছে বিদুষী, নাযাহ ও আমিনার। নতুনদের প্রস্তুত করতে শুটিং শুরুর আগে তাদের নিয়ে প্রায় এক মাসের কর্মশালা করেছেন নির্মাতা শিহাব শাহীন।

প্রথম বড় কাজের অভিজ্ঞতা নিয়ে লাক্স সুপারস্টার চ্যাম্পিয়ন বিদুষী বর্ণিতা বলেন, ‘লাক্সের পর এটা আমার প্রথম বড় কাজ। লাক্সের মেয়েরা একসঙ্গে কাজটি করেছি। রিহার্সালও একসঙ্গে হয়েছে। একসঙ্গে ক্যারিয়ারের শুরুর বিষয়টি খুব এক্সাইটিং। শিহাব শাহীন স্যার আমাদের অনেক সময় দিয়েছেন।’

অন্যদিকে, প্রথম রানারআপ নাযাহ নাওয়ারের জন্য ‘ক্যাফে আমব্রেলা’ লাক্সের পর প্রথম কাজ। তবে এর আগে আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘অ্যানি’ সিরিজে অভিনয় করেছেন তিনি। লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগেই সিরিজটির কাজ করেছিলেন নাযাহ। সেটি এখন মুক্তির অপেক্ষায়।

নতুন কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে নাযাহ বলেন, ‘লাক্স থেকে বেরিয়ে প্রথম কাজ শিহাব শাহীন স্যারের সঙ্গে। এটা আমার কাছে বড় সুযোগ মনে হয়েছে। নতুন হিসেবে যতটা সহযোগিতা আশা করেছিলাম নির্মাতা ও সহশিল্পীদের কাছে, তার চেয়ে বেশি পেয়েছি।’

দ্বিতীয় রানারআপ আমিনা ইসলামের কাছেও ‘ক্যাফে আমব্রেলা’ বিশেষ একটি কাজ। এই ওয়েব ফিল্মের মধ্য দিয়ে বিনোদন অঙ্গনে তার অভিষেক হচ্ছে। আমিনা বলেন, ‘ক্যাফে আমব্রেলা সারা জীবন মনে গেঁথে থাকবে। এই ওয়েব ফিল্ম দিয়ে ইন্ডাস্ট্রিতে আমার ডেব্যু হচ্ছে। পরিবারের সবাই খুব এক্সাইটেড। আশা করছি, দর্শকদেরও ভালো লাগবে।’

নির্মাতা শিহাব শাহীন জানিয়েছেন, ‘ক্যাফে আমব্রেলা’ বহু চরিত্রের সমান্তরাল গল্প নিয়ে তৈরি। এতে চারটি পৃথক গল্প একে অপরের সঙ্গে যুক্ত হবে। রোমান্স ও ড্রামা ঘরানার এই ওয়েব ফিল্মের চিত্রনাট্যে গুরুত্ব পেয়েছে মানুষের আবেগ, ভালোবাসা ও সম্পর্কের নানা সমীকরণ।

আগামী ২৯ অক্টোবর আইস্ক্রিনে মুক্তির মধ্য দিয়ে দর্শকদের সামনে আসছে ‘ক্যাফে আমব্রেলা’। নতুন তিন অভিনয়শিল্পীর অভিষেক এবং চার জুটির ভালোবাসার গল্প নিয়ে ওয়েব ফিল্মটি ঘিরে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।

এনএনবাংলা/