কক্সবাজারে সাগরে নেমে নিখোঁজ আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার, মৃত্যু বেড়ে ৫

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে হিমছড়ির ভাঙার মোড় এলাকার এক্সোটিকা সাম্পান-সংলগ্ন সৈকতে জোয়ারের পানিতে মরদেহটি ভেসে আসে। পরে স্থানীয় লোকজন ও উদ্ধারকারী দলের সদস্যরা সেটি উদ্ধার করেন। এ নিয়ে গত দুই দিনে হিমছড়ি সৈকতে সাগরে নেমে নিখোঁজ হওয়া পাঁচ পর্যটকের মরদেহ উদ্ধার করা হলো।
সর্বশেষ উদ্ধার হওয়া পর্যটকের নাম এস এম নাফিসুর রহমান নিবিড় (২৩)। তিনি রাজধানীর আজিমপুর এলাকার বাসিন্দা এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যু ও পরিচয়ের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ঢাকা থেকে আসা একদল পর্যটক হিমছড়ির পেঁচারদ্বীপ জাদুঘর-সংলগ্ন সৈকতে গোসল করতে নামেন। এ সময় উত্তাল সাগরের প্রবল স্রোত ও ঢেউয়ে কয়েকজন পর্যটক ভেসে যেতে থাকেন। তাৎক্ষণিকভাবে কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হলেও নাফিসুর রহমান নিবিড়সহ দুজন নিখোঁজ হন।
নিখোঁজ পর্যটকদের উদ্ধারে স্থানীয় লোকজন, লাইফগার্ড, পুলিশ ও অন্যান্য উদ্ধারকারী দল অভিযান শুরু করে। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার পর্যন্ত একে একে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। সর্বশেষ বৃহস্পতিবার সন্ধ্যায় ভাঙার মোড় এলাকায় নাফিসুর রহমান নিবিড়ের মরদেহ পাওয়া যায়।
এর আগে বুধবার উদ্ধার করা হয় তিন পর্যটকের মরদেহ। তারা হলেন ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকার মোকাররম হোসেনের ছেলে আল মাহিবুল ইবনে মোকাররম ওরফে রোহান (২৩), দক্ষিণখান এলাকার মাহবুবুল হকের ছেলে সাইফুল হক ওরফে জিসান (২৩) এবং উত্তরার আজিমপুর এলাকার নাবিবুর রহমানের ছেলে নাফিসুল হক (২২)।
এ ছাড়া বৃহস্পতিবার সকালে উদ্ধার করা হয় মোহাম্মদ হারুন (২০) নামের আরেক পর্যটকের মরদেহ। তিনি চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার শেরশাহ জামতলা এলাকার মোহাম্মদ কবিরের ছেলে।
জেলা প্রশাসনের সমুদ্রসৈকত কর্মীদের ইনচার্জ মাহবুবুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে ডুবে যাওয়ার স্থানটির কাছাকাছি স্থানীয় লোকজন একটি মরদেহ দেখতে পান। পরে ফায়ার সার্ভিস ও হিমছড়ি পুলিশ ফাঁড়ির সদস্যরা সেটি উদ্ধার করেন। সন্ধ্যায় আরও একটি মরদেহ উদ্ধার করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, উদ্ধার করা মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এনএনবাংলা/
