সাম্প্রতিক
Skip to content

আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার

আজ ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। ছবি: বাসস

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, তার রাজনৈতিক অভিজ্ঞতা অনুযায়ী আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

স্পিকার বলেন, আওয়ামী লীগ তাদের শাসনামলে এমন একটি পরিবেশ তৈরি করেছিল, যেখানে সমাজের সৎ, ভালো ও নিরপেক্ষ মানুষের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব ছিল না। এ পরিস্থিতি থেকে উত্তরণে নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন।

তিনি বলেন, অনেক মানুষ আছেন, যারা অর্থশালী বা বিত্তবান নন, কিন্তু সমাজে জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা রয়েছে। তাদেরও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত। এ জন্য সাধারণ মানুষ যাতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, নির্বাচন কমিশনকে সে ধরনের কার্যকর পদ্ধতি নির্ধারণ করতে হবে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে স্পিকার বলেন, এ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া প্রয়োজন। গত ১৭ বছরে সুষ্ঠু নির্বাচন হয়নি উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, আগামী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে।

এদিকে ভোলার প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনা ও স্থানীয় বাসিন্দাদের গ্যাসপ্রাপ্তির দাবি নিয়েও কথা বলেন স্পিকার। তিনি বলেন, ভোলায় পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক গ্যাস রয়েছে। দেশের বর্তমান গ্যাসের মজুতের সঙ্গে তুলনা করলেও ভোলার গ্যাসসম্পদের গুরুত্ব বোঝা যায়। তার আশা, জেলায় আরও গ্যাসের মজুত রয়েছে।

স্পিকার বলেন, ভোলার সাধারণ মানুষের গ্যাস প্রয়োজন। দীর্ঘদিন ধরে তারা এ নিয়ে ভোগান্তিতে রয়েছেন। গ্যাস পাওয়া ভোলাবাসীর ন্যায্য অধিকার এবং এটি তাদের দীর্ঘদিনের দাবি। এ বিষয়ে তিনি জ্বালানিমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেও জানান।

এনএনবাংলা/