সাম্প্রতিক
Skip to content

দেশবাসী তাকিয়ে আছে স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন: নাহিদ

ছবি: সংগৃহীত

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রী সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর শ্রীশ্রী পূর্ব বাড্ডা নিমতলা কালী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাহিদ ইসলাম। এনসিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নাহিদ ইসলাম বলেন, আজ মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে। অথচ আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য যিনি প্রধানত দায়ী, সেই স্বরাষ্ট্রমন্ত্রীকে কোনো ধরনের জবাবদিহির আওতায় আনা হচ্ছে না।

তিনি বলেন, দেশবাসী এখন অপেক্ষা করছে, স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন। কারণ, তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। নিজের দায়িত্ব পালনের পরিবর্তে তিনি সংবিধান নিয়ে ব্যস্ত রয়েছেন।

সম্প্রতি ঢাকার গেণ্ডারিয়ার ঘুণ্টিঘর এলাকায় অস্ত্র হাতে ‘মাদকবিরোধী অভিযানে’ অংশ নেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। শনিবারের ওই ঘটনার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর নানা বিতর্কের সৃষ্টি হয়। এরই মধ্যে সোমবার মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক।

এ ঘটনায় ইশরাক হোসেনের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ তুলে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম।

তিনি আরও বলেন, এর আগে মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট, ভাঙচুর ও দখলের চেষ্টার ঘটনায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছিলেন। তবে এখনো তাকে গ্রেপ্তার করা হয়নি।

দেশ পরিচালনার ক্ষেত্রে এক ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছা ও নির্দেশনার প্রভাব রয়েছে বলে অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, “এক ব্যক্তির ইচ্ছা, অনিচ্ছা, অনুরোধ বা নির্দেশনামতো দেশ চলতেছে। এটা কোনো গণতন্ত্রের উদাহরণ নয়, আইনের শাসনের উদাহরণ নয়।”

এ সময় সংবিধান সংশোধন কমিটির কার্যক্রমেরও সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, সংবিধান সংশোধন কমিটির নামে সরকার এখনো নাটক করছে। এ কমিটিকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। দলীয় সুশীল বুদ্ধিজীবীদের নিয়ে কমিটি বৈঠক করছে এবং তাদের দিয়ে বিএনপি নিজেদের মেনে নেওয়া সংস্কারের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। এসব জনগণের সঙ্গে প্রহসন।

মন্দির পরিদর্শনের সময় নাহিদ ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন এনসিপির মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ দলটির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা।

এনএনবাংলা/