সাম্প্রতিক
Skip to content

কলেরা ভ্যাকসিন

বিজ্ঞানী ফিরদৌসী কাদরীকে নিয়ে বিল গেটসের প্রশংসা

বাংলাদেশের খ্যাতনামা আন্তর্জাতিক বিজ্ঞানী ড. ফিরদৌসী কাদরীর চিকিৎসা গবেষণার ভূয়সী প্রশংসা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ও মানবহিতৈষী বিল গেটস। ডায়রিয়াজনিত মারাত্মক রোগ কলেরা প্রতিরোধে সাশ্রয়ী টিকার উদ্ভাবন ও তা মাঠপর্যায়ে সফলভাবে প্রয়োগে বিজ্ঞানী কাদরীর অসামান্য অবদানের চিত্র তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিশেষ ভিডিও প্রকাশ করেছেন তিনি।
সম্প্রতি তাঁর ফেসবুক ও লিংকডইনসহ বিভিন্ন মাধ্যমে প্রচারিত এই ভিডিওতে বিল গেটস বলেন, কলেরা একটি দ্রুত প্রাণঘাতী রোগ, যা মূলত দূষিত পানি ও নিম্নমানের স্যানিটেশন ব্যবস্থার কারণে ছড়ায়। বিশেষ করে জনঘনত্বপূর্ণ এলাকাগুলোতে এর ঝুঁকি অনেক বেশি। বিল পরিকাঠামোগত পরিবর্তনের পাশাপাশি দ্রুত সময় ও সাশ্রয়ী খরচে এই রোগ নিয়ন্ত্রণের সেরা উপায় হিসেবে মুখে খাওয়ার ওরাল কলেরা ভ্যাকসিনকে চিহ্নিত করেন। ড. ফিরদৌসী কাদরী এবং তাঁর দল কীভাবে এ ধরনের টিকা সহজলভ্য করে লাখ লাখ মানুষের জীবন বাঁচাচ্ছেন, ভিডিওতে গেটস তা বিশদভাবে তুলে ধরেন। ভিডিওতে বিজ্ঞানী ফিরদৌসী কাদরী নিজেও যুক্ত হয়ে জানান, বাংলাদেশে কলেরা নিয়ন্ত্রণে একটি সুনির্দিষ্ট জাতীয় পরিকল্পনা রয়েছে। যা বাস্তবায়নে প্রায় ১০ কোটি ডোজ টিকার প্রয়োজন হয়। শীতকাল বা বছরের নির্দিষ্ট সংবেদনশীল সময়ে আক্রান্তের হার ৩০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে, তাই সঠিক সময়ে সঠিক স্থানে টিকা পৌঁছানো অত্যন্ত জরুরি।
আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআর,বি) মিউকোসাল ইমিউনোলজি অ্যান্ড ভ্যাকসিনোলজি ইউনিটের প্রধান ড. ফিরদৌসী কাদরী দীর্ঘদিন ধরে সাশ্রয়ী মূল্যের টিকা নিয়ে গবেষণা করছেন। এর আগে তিনি স্বাধীনতা পুরস্কার (২০১৩) ও র্যামন ম্যাগসাইসাই পুরস্কারে (২০২১) ভূষিত হন।
বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন দীর্ঘদিন ধরেই আইসিডিডিআর,বি এবং ড. কাদরীর যৌথ গবেষণা ও টিকাদান কর্মসূচিতে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে আসছে। এর আগেও বিল গেটস তাঁর নিজস্ব ব্লগ ‘গেটস নোটস’-এ বাংলাদেশের এই বিজ্ঞানীর অবদান নিয়ে নিবন্ধ প্রকাশ করেছিলেন। মূলত দেশে চলমান উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সরকারি বিনামূল্যে কলেরা টিকাদান ক্যাম্পেইনের মধ্যেই সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে বিল গেটসের এই ভিডিওটি জনসমক্ষে এলো।
এর আগে ২০২০ সালে করোনা ভাইরাসকালীন বিল গেটস নিজের ব্লগ গেটস নোটসে লেখেন, মহামারির বিরুদ্ধে লড়াইয়ে নায়ক ড. ফিরদৌসী কাদরী। করোনা মহামারির মধ্যে আরেক মহামারি নিয়ে কাজ করা নিবেদিত প্রাণ ফিরদৌসী কাদরীকে নিয়ে বলেন, ২৫ বছর ধরে কলেরা মহামারি থেকে মানুষকে রক্ষার জন্য সাশ্রয়ী মূল্যের টিকা নিয়ে কাজ করেছেন এমন কয়েকজন মানুষের মধ্যে একজন তিনি।
এনএনবাংলা/এনজেড