দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী?

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে ঢাকার পক্ষ থেকে উদ্যোগ অব্যাহত থাকার মধ্যেই নয়াদিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের একটি নির্ধারিত বৈঠক শেষ মুহূর্তে বাতিল হয়েছে। বৈঠকে অংশ নিতে কয়েকজন জ্যেষ্ঠ নেতা দিল্লিতে পৌঁছালেও নির্ধারিত সময়ের আগে বৈঠকটি বাতিলের সিদ্ধান্ত জানানো হয়।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য উইক জানিয়েছে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের ওই উচ্চপর্যায়ের বৈঠক হওয়ার কথা ছিল। বৈঠকটি শেখ হাসিনা বর্তমানে যে বাসভবনে অবস্থান করছেন, সেখানেই হওয়ার কথা ছিল।
শেষ মুহূর্তে বাতিল, কারণ জানানো হয়নি
বৈঠক বাতিলের বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে ঢাকার একটি সংবাদপত্রকে দলের এক শীর্ষ নেতা জানিয়েছেন, নির্ধারিত সময়ের এক দিন আগে বৈঠক বাতিলের সিদ্ধান্তের কথা জানানো হয়। তবে কী কারণে বৈঠকটি বাতিল করা হয়েছে, সে বিষয়ে তিনি কোনো ব্যাখ্যা দেননি।
বৈঠকে আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কৌশল নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। পাশাপাশি আগামী ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার বিষয়টিও আলোচনায় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছিল।
ভার্চুয়াল অনুষ্ঠানে শেখ হাসিনার অংশগ্রহণের পর নতুন প্রেক্ষাপট
শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিলের খবর এমন এক সময়ে সামনে এলো, যখন দিল্লিতে সাউথ এশিয়ার ফরেন করেসপন্ডেন্টস ক্লাব আয়োজিত একটি অনুষ্ঠানে শেখ হাসিনা ভার্চুয়ালি অংশ নেওয়ার পর বাংলাদেশ এ নিয়ে প্রতিবাদ জানিয়েছিল।
পরে আওয়ামী লীগ ওই অনুষ্ঠান থেকে নিজেদের দূরত্বের কথা জানায়। দলটির পক্ষ থেকে বলা হয়, অনুষ্ঠানটি আওয়ামী লীগ আয়োজন বা স্পন্সর করেনি। ভারত সরকারও জানিয়েছিল, অনুষ্ঠানটি একটি বেসরকারি সংগঠনের আয়োজন এবং এতে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না।

শেখ হাসিনা। ফাইল ছবি
শেখ হাসিনাকে ঘিরে ঢাকার সতর্কবার্তা
এদিকে বৈঠক বাতিলের খবরের আগে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে আলোচনায় শেখ হাসিনাকে ঘিরে বাংলাদেশের উদ্বেগের কথা জানানো হয়।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ভারতীয় হাইকমিশনারকে বলেন, ভারতের মাটিতে অবস্থানরত এসব ব্যক্তির ওপর ঘনিষ্ঠ নজর রাখা প্রয়োজন, যাতে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি অস্থিতিশীল করার কোনো চেষ্টা করতে না পারেন। তিনি শেখ হাসিনার পক্ষ থেকে ঢাকায় কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা না করার বিষয়েও সতর্কতার কথা জানান।
তারেক রহমানের দিল্লি সফর নিয়েও আলোচনা
এর মধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আবারও আলোচনা শুরু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, নভেম্বরে উপযুক্ত সময়ে তারেক রহমানের দিল্লি সফরের আয়োজন নিয়ে দুই দেশের কর্মকর্তারা কাজ করছেন।
সাম্প্রতিক সময়ে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী কয়েকজন বাংলাদেশি কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁদের মধ্যে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন রয়েছেন।
ফলে শেখ হাসিনাকে ঘিরে প্রত্যর্পণ ও রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েনের মধ্যেই একদিকে দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক বাতিল এবং অন্যদিকে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে নতুন করে কূটনৈতিক তৎপরতা আলোচনায় এসেছে।
এনএনবাংলা/
