সাম্প্রতিক
Skip to content

অস্ত্র হাতে মাদকসেবীদের ধাওয়া, ঘটনার ব্যাখ্যা দিলেন ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ফাইল ছবি

মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে ধরার ঘটনার ব্যাখ্যা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তার দাবি, ৩০ থেকে ৩৫ জন ব্যক্তি তাদের গাড়িবহরের দিকে মারমুখী ভঙ্গিতে এগিয়ে এলে আত্মরক্ষার জন্য তিনি ও তাঁর নিরাপত্তারক্ষীরা অল্প সময়ের জন্য অস্ত্র উঁচিয়ে ধরেন।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ ব্যাখ্যা দেন তিনি। শনিবার রাজধানীর গেন্ডারিয়া রেলস্টেশন-সংলগ্ন দয়াগঞ্জে মাদকবিরোধী অভিযানে তার অস্ত্র হাতে থাকার ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

বিবৃতিতে ইশরাক বলেন, ঢাকা-৬ আসনের জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব নেওয়ার পর গেন্ডারিয়ার বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচা ও শিক্ষার্থীদের মধ্যে মাদকের বিস্তার নিয়ে স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়েছেন তিনি। গত জুনে মাদক-সংক্রান্ত সহিংসতায় তিনজন গুলিবিদ্ধ হওয়ার পর এলাকাটি পরিদর্শন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় সভাও করেন।

প্রতিমন্ত্রীর দাবি, অভিযানের আগে তার নিরাপত্তাঝুঁকি এবং মাদক কারবারিদের পক্ষ থেকে গুলিবর্ষণের আশঙ্কার বিষয়ে সতর্ক করা হয়েছিল। অভিযানের সময় একদল ব্যক্তি তাদের গাড়িবহরের দিকে এগিয়ে এলে সম্ভাব্য হামলা ঠেকাতে আত্মরক্ষার জন্য অস্ত্র প্রদর্শন করেন তিনি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর অস্ত্রটি যথাস্থানে রাখা হয় বলেও বিবৃতিতে উল্লেখ করেন।

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিবৃতি দিয়েছেন।

ইশরাক জানান, পরে গেন্ডারিয়া থানা-পুলিশের উপস্থিতিতে যৌথ অভিযান চালিয়ে চার থেকে পাঁচটি অস্থায়ী মাদকের আস্তানা উচ্ছেদ করা হয়। এ সময় হেরোইন বা হেরোইনজাতীয় মাদক, বিদেশি মদ, মাদক সেবনের সরঞ্জাম, ধারালো অস্ত্র, নগদ অর্থ ও ছিনতাই করা মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় ছয়জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে দাবি করেন তিনি।

বিবৃতিতে কয়েকটি গণমাধ্যমের প্রকাশিত সংবাদকে খণ্ডিত ও বিভ্রান্তিকর আখ্যা দিয়ে ইশরাক বলেন, অভিযানের সামগ্রিক প্রেক্ষাপট, উদ্ধার করা সামগ্রী এবং আটকের বিষয়গুলো উপেক্ষা করে শুধু অস্ত্র হাতে তার উপস্থিতিকে গুরুত্ব দেওয়া হয়েছে। সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই করে পূর্ণাঙ্গ প্রেক্ষাপট তুলে ধরার আহ্বানও জানান তিনি।

এনএনবাংলা/