রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

মিরপুরের রাড্ডা ক্লিনিক ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে রাড্ডা ক্লিনিক ভাঙচুরের ঘটনায় স্থানীয় সংসদ সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি এ কথা জানান।
এমপির নাম এসেছে, চলছে তদন্ত
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাড্ডা ক্লিনিক ভাঙচুরের ঘটনায় বিএনপির একজন সংসদ সদস্যের নাম এসেছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্তে কারও সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না বলেও স্পষ্ট করেন তিনি।
অপরাধীদের তালিকা হালনাগাদ করছে পুলিশ
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িতদের তালিকা হালনাগাদ করছে পুলিশ। অপরাধীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।
তবে ঢালাওভাবে বিএনপির নেতাকর্মীদের চাঁদাবাজ হিসেবে আখ্যা দেওয়া হলে জনগণই এর সঠিক বিচার করবে বলে মন্তব্য করেন তিনি।
রাজনৈতিক পরিচয় দেখে ছাড় নয়
সরকারের আট মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ৩৮ জন বিশিষ্ট নাগরিকের উদ্বেগের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জমি দখল ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের ক্ষেত্রে সরকার রাজনৈতিক পরিচয় বিবেচনা করে কোনো ছাড় দিচ্ছে না।
তিনি বলেন, অপরাধের সঙ্গে যারাই জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এনএনবাংলা/
