এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেল আল-জাজিরার ‘হাসিনা: ৩৬ ডেইজ ইন জুলাই’

বাংলাদেশের ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান এবং শেখ হাসিনা সরকারের শেষ সময়ের ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত আল-জাজিরা ইংলিশের অনুসন্ধানী প্রামাণ্যচিত্র ‘হাসিনা: ৩৬ ডেইজ ইন জুলাই’ ২০২৬ সালের ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেয়েছে।
আন্তর্জাতিক টেলিভিশন অঙ্গনের মর্যাদাপূর্ণ এই পুরস্কারের ‘কারেন্ট অ্যাফেয়ার্স’ বিভাগে চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছে প্রামাণ্যচিত্রটি। আগামী ২৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিজয়ীর নাম ঘোষণা করবে ইন্টারন্যাশনাল একাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস। এবার ১৬টি বিভাগে ২২টি দেশের ৬৪টি কাজ প্রতিযোগিতা করছে।
‘কারেন্ট অ্যাফেয়ার্স’ বিভাগে আল-জাজিরার প্রামাণ্যচিত্রটির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে ফ্রান্স, যুক্তরাজ্য ও ব্রাজিলের তিনটি প্রযোজনা। আল-জাজিরা ইংলিশের প্রযোজনা হওয়ায় বাংলাদেশের ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত হলেও আন্তর্জাতিক এমির তালিকায় এটি কাতারের প্রতিনিধিত্ব করছে।
২০২৫ সালের জুলাইয়ে আল-জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট প্রামাণ্যচিত্রটি প্রকাশ করে। গোপন ফোন কলের রেকর্ড, ফাঁস হওয়া নথি ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে এতে শেখ হাসিনা সরকারের শেষ সময়ের ঘটনাগুলো তুলে ধরা হয়। আবু সাঈদ হত্যাকাণ্ড, ইন্টারনেট বন্ধ, সরকারি নজরদারি এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অভিযোগও এতে উঠে আসে।
প্রামাণ্যচিত্রটির অনুসন্ধানী তথ্য ও অডিও রেকর্ডের ব্যাখ্যা নিয়ে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ আপত্তি জানিয়েছিল। দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছিল, শেখ হাসিনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের কোনো সুনির্দিষ্ট অনুমোদন দেননি।
আল-জাজিরার সঙ্গে প্রামাণ্যচিত্রটিতে কাজ করা বাংলাদেশি সাংবাদিক জুলকারনাইন সায়ের সামাজিক যোগাযোগমাধ্যমে মনোনয়নের খবর নিশ্চিত করেছেন। এর আগে চলতি বছরের এপ্রিলে ‘হাসিনা: ৩৬ ডেইজ ইন জুলাই’ ওভারসিজ প্রেস ক্লাব অ্যাওয়ার্ডও অর্জন করে।
বাংলাদেশ সম্পর্কিত একটি প্রযোজনা এর আগেও আন্তর্জাতিক এমি-সংশ্লিষ্ট সম্মাননা পেয়েছিল। ২০০৪ সালে এটিএন বাংলার তথ্যচিত্র ‘আমরাও পারি’ পুরস্কৃত হয়।
এনএনবাংলা/
