শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর

শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদনকে ‘রাজনৈতিক স্টান্টবাজি’ বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদনের বিষয়ে সোমবার (৯ নভেম্বর) দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।
চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি। তিনি কখনোই দেশে ফিরবেন না। এ সময় মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনার আত্মসমর্পণের ইচ্ছার বিষয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) প্রসিকিউশন আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করবে বলেও জানান তিনি।
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট এবং পরিচয়পত্র চেয়ে আবেদন করেছেন। ভারতে স্বেচ্ছানির্বাসন শেষ করে দেশে ফিরতে তিনি এমন উদ্যোগ নিয়েছেন বলে একটি চিঠির সূত্রে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর একটি অভিযোগে ক্ষমতাচ্যুত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে ওইদিন আরেকটি অভিযোগে শেখ হাসিনাকে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত করা হয়। পরবর্তীতে চলতি বছরের ১৩ জানুয়ারি ৪৫৭ পৃষ্ঠার ওই রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
এনএনবাংলা/এনজেড
