সাম্প্রতিক
Skip to content

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

সামান্তা শারমিন। ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। দলের কেন্দ্রীয় কমিটিতে দায়িত্ব পুনর্বণ্টনের দুই সপ্তাহের মাথায় বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় তিনি পদত্যাগের ঘোষণা দেন।

সন্ধ্যা পৌনে ৭টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে পদত্যাগের বিষয়টি জানান সামান্তা শারমিন। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি মাত্রই পদত্যাগ করেছি। ফেসবুকে লিখেছি বিস্তারিত।’

পদত্যাগের কারণ ব্যাখ্যা করে ফেসবুক পোস্টে সামান্তা শারমিন লিখেছেন, গত ১১ মাস ধরে নিজের রাজনৈতিক বোঝাপড়া অনুযায়ী এনসিপির অতীত কর্মকাণ্ড বিশ্লেষণ এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে দলের বিভিন্ন পর্যায়ে লিখিত অভিযোগ ও প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি বিভিন্ন সময় তর্ক-বিতর্ক ও আলোচনার মাধ্যমে দলের অবস্থান পরিবর্তনের চেষ্টা করেছেন।

তিনি লেখেন, সংগঠনে নানা চড়াই-উতরাই থাকে। দল ভুল পথে এগোলে তা থেকে রক্ষা করার চেষ্টা করা রাজনৈতিক দায়িত্ব বলে মনে করেছেন তিনি। এ দায়িত্ব পালনে এনসিপির অভ্যন্তরে মতাদর্শিক সংগ্রামের পথ বেছে নিয়েছিলেন।

সামান্তা শারমিনের ভাষ্য, দলের গৃহীত নীতিগুলোকে স্বীকৃত ফোরামে যুক্তিসংগত উপায়ে চ্যালেঞ্জ করা ছাড়া দলকে ভুল পথ থেকে ফিরিয়ে আনার অন্য কোনো গণতান্ত্রিক পন্থা ছিল না। তবে প্রায় এক বছরের সেই সংগ্রামের ইতি টানার ঘোষণা দিয়ে তিনি বলেন, এনসিপির পক্ষে দলটির প্রতিষ্ঠাকালীন মূল্যবোধের প্রতি আর আন্তরিক থাকা সম্ভব বলে তিনি মনে করেন না।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারির নেতাদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম কেন্দ্রীয় কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন সামান্তা শারমিন। নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের একদিন পর ২০২৫ সালের ২ মার্চ ২১৭ সদস্যের ওই কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছিল।

এনএনবাংলা/