সাম্প্রতিক
Skip to content

খেলাপি সিটি গ্রুপ পাচ্ছে ১,৭০০কোটি টাকার নতুন ঋণ

ফাইল ছবি

ঋণখেলাপি হওয়া সত্ত্বেও নতুন করে ১ হাজার ৭০০ কোটি টাকার চলতি মূলধন ঋণ পাচ্ছে সিটি গ্রুপ। গ্রুপটির পাঁচটি প্রতিষ্ঠানের অনুকূলে সিন্ডিকেটেড ঋণ দিতে আটটি ব্যাংক সম্মত হয়েছে। এ ঋণ প্রদানের ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইনের নির্দিষ্ট ধারা থেকে সিটি গ্রুপকে বিশেষ ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে। এতে সিটি গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠানের অনুকূলে সিন্ডিকেটেড চলতি মূলধন ঋণ সুবিধা প্রদানের ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৭কক (৩) ধারা থেকে বিশেষ অব্যাহতি দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট ব্যাংকাররা জানিয়েছেন, আগামীকাল বৃহস্পতিবার ব্যাংকগুলোর সঙ্গে সিটি গ্রুপের ঋণচুক্তি সই হওয়ার কথা রয়েছে। এরপর আগামী রোববার থেকে গ্রুপটির চাহিদা অনুযায়ী ঋণের অর্থ ছাড় শুরু হবে।

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাশরুর আরেফিন জানান, আগামী রমজান উপলক্ষে কাঁচামাল আমদানির জন্য সিটি গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠানকে ১ হাজার ৭০০ কোটি টাকার সিন্ডিকেটেড চলতি মূলধন ঋণ দিতে আটটি ব্যাংক সম্মত হয়েছে।

তিনি বলেন, এ ঋণের মধ্যে সিটি ব্যাংক দেবে ৩০০ কোটি টাকা। বাকি সাতটি ব্যাংক প্রত্যেকে ২০০ কোটি টাকা করে মোট ১ হাজার ৪০০ কোটি টাকা দেবে। ব্যাংকগুলোর সঙ্গে আগামীকালের মধ্যে ঋণচুক্তি সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

সাধারণত কোনো ঋণখেলাপি গ্রাহককে নতুন করে ঋণসুবিধা দিতে পারে না ব্যাংক। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৭কক (৩) ধারায় এ বিষয়ে বিধিনিষেধ রয়েছে। তবে বাংলাদেশ ব্যাংকের বিশেষ অনুমোদন ও নির্ধারিত শর্তের আওতায় এ বিধান থেকে অব্যাহতি দেওয়ার সুযোগ রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে সিটি গ্রুপের ঋণখেলাপি পাঁচটি প্রতিষ্ঠান—সিটি সিড ক্রাশিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিটি সুগার ইন্ডাস্ট্রিজ, সিটি এডিবল অয়েল লিমিটেড, সিটি ডাল মিলস লিমিটেড ও শম্পা ফ্লাওয়ার মিলস লিমিটেডের অনুকূলে চলতি মূলধন ঋণ সুবিধা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

সিটি ব্যাংক পিএলসির নেতৃত্বে গঠিতব্য সিন্ডিকেটের মাধ্যমে এসব প্রতিষ্ঠানের অনুকূলে ৩ হাজার কোটি টাকার চলতি মূলধন সুবিধা প্রদানের ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৭ক (৩) ধারার বিধান আগামী ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত কার্যকর হবে না বলে সার্কুলারে জানানো হয়েছে।

এনএনবাংলা/