সাম্প্রতিক
যুক্তরাজ্যের এইচপিআই ভিসা তালিকা প্রকাশ, নেই বাংলাদেশসহ ভারত-পাকিস্তানের কোনো বিশ্ববিদ্যালয় শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক খেলাপি সিটি গ্রুপ পাচ্ছে ১,৭০০ কোটি টাকার নতুন ঋণ পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক শ্রমিকদের ব্যবহার করে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু ও হামে ২৪ ঘণ্টায় ৬ জন করে ১২ মৃত্যু নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে বিসিবি মজুরি বোর্ড নিরপেক্ষভাবে যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে: মাহদী আমিন
Skip to content

শুরুতেই জয়ের আশা বাংলাদেশের

আজ থেকে ঢাকার জাতীয় স্টেডিয়ামে শরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। ২০০৩ সালের পর আবার বাংলাদেশে এই টুর্নামেন্ট ফিরেছে। এ কারণে, দেশের ফুটবলপ্রেমীরা বাংলাদেশকে আবারও চ্যাম্পিয়ন হিসেবে দেখতে আশাবাদী।

বিকেল ৩টা ৩০ মিনিটে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তারপর রাত ৮টায় একই ভেন্যুতে ভুটানের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ।

বেসরকারি স্যাটেলাইট চ্যানেল টি-স্পোর্টস ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

আঞ্চলিক প্রতিযোগিতায় নিজেদের সামর্থ্যরে প্রমাণ দিতে মরিয়া ভুটানের বিপক্ষে শক্তি, মানসিক দৃঢ়তা ও আক্রমণাত্মক দক্ষতার পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। ২০০৫ সালে রানার্সআপ হওয়া বাংলাদেশ এরপর আর সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলার সুযোগ তাদের জন্য বড় প্রেরণা হলেও প্রত্যাশার চাপ সামলানোও হবে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।

প্রধান কোচ থমাস ডুলির মতে, বাংলাদেশকে আর আন্ডারডগ হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। অধিনায়ক তপু বর্মণও কোচের উচ্চাকাঙ্খার সঙ্গে একমত পোষণ করে বলেছেন, ঘরের মাঠে চ্যাম্পিয়নশিপ জয়ের সুযোগ কাজে লাগাতে দৃঢ়প্রতিজ্ঞ খেলোয়াড়রা।

প্রথম ম্যাচে দলের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী খেলতে পারছেন না। হামজার অনুপস্থিতিতে বাকি খেলোয়াড়দের, বিশেষ করে মিডফিল্ডার ও আক্রমণভাগের সদস্যদের ওপর বাড়তি দায়িত্ব পড়বে। ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচেই তাদের নিজেদের সামর্থ্যরে প্রমাণ দিতে হবে।

বাংলাদেশ দলের আরেকটি সমস্যা সীমিত প্রস্তুতি। সাফের আগে স্বল্প সময়ের অনুশীলন ক্যাম্পে পূর্ণাঙ্গ কোনো প্রস্তুতি ম্যাচ আয়োজন করতে পারেনি দলটি। ফলে প্রতিযোগিতামূলক পরিবেশে খেলোয়াড়দের সমন্বয় ও একাদশের কার্যকারিতা যাচাই করার সুযোগ কম পেয়েছেন কোচিং স্টাফরা।

অন্যদিকে, বাংলাদেশকে আটকে রেখে ইতিবাচক ফল দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চায় ভুটান। দলটির প্রধান কোচ গ্যারি ফিলিপস ও অধিনায়ক চেনচো গিয়েলতশেন প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। ঘরোয়া লিগের সূচির কারণে নির্ধারিত সময়ের আগে খেলোয়াড়দের একত্র করতে না পারায় তাদের প্রস্তুতিও কিছুটা বাধাগ্রস্থ হয়েছে।

সেপ্টেম্বরে বাংলাদেশের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী একটি দলের বিপক্ষে প্রীতি ম্যাচের পাশাপাশি সিশেলস ও মরিশাসের বিপক্ষেও খেলেছে তারা। দলটির সংগঠিত খেলার ধরন ও দৃঢ় সংকল্প বাংলাদেশকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে।

বাংলাদেশের জন্য মাঝমাঠের নিয়ন্ত্রণ ধরে রাখা, রক্ষণভাগে শৃঙ্খলা বজায় রাখা এবং গোলের সুযোগ কাজে লাগানো হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘরের মাঠে খেলার আবেগ ও প্রত্যাশার চাপ যেন খেলোয়াড়দের স্বাভাবিক ছন্দ নষ্ট করতে না পারে, সেদিকেও সতর্ক থাকতে হবে স্বাগতিকদের।

গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান ও শ্রীলঙ্কা। অন্যদিকে, বর্তমান চ্যাম্পিয়ন ভারত, মালদ্বীপ ও পাকিস্তান রয়েছে গ্রুপ ‘বি’-তে।

সেমিফাইনালে জায়গা নিশ্চিত করতে গ্রুপ পর্বে মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ পাবে প্রতিটি দল। স্বাগতিক বাংলাদেশের জন্য তাই  জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা গুরুত্বপূর্ণ।

এনএনবাংলা/এফএস