সাম্প্রতিক
Skip to content

ফিফা অনূর্ধ্ব ১৫ বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্র করল বাংলাদেশ

আজারবাইজানের রাজধানী বাকুর হোভসান কমপ্লেক্সে শক্তিশালী ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্র করে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ম্যাচে দুই দলের কেউই গোলের দেখা পায়নি। ফলে নিজেদের প্রথম ম্যাচ থেকেই এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।

আজ শনিবার (২৪ অক্টোবর) টুর্নামেন্টের গ্রুপ পর্বে মুখোমুখি হয় বাংলাদেশ ও ওয়েলস। বয়সভিত্তিক ফুটবলের এই আন্তর্জাতিক আসরে ইউরোপের দলটির বিপক্ষে লড়াই করে গোলশূন্য ড্র আদায় করে নেয় বাংলাদেশের কিশোর ফুটবলাররা। প্রতিপক্ষকে গোল করতে না দেওয়ার পাশাপাশি নিজেদের প্রথম ম্যাচে পয়েন্ট পাওয়াটাও বাংলাদেশের জন্য ইতিবাচক দিক।

আজারবাইজানে বাফুফের দেওয়া ভিডিও বার্তায় অ-১৫ দলের কোচ আকবর হোসেন রিদন বলেন, ‘পারফরম্যান্সে আমি তেমন খুশি নই। আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। তারা শারীরিক ও টেকনিক্যালি অনেক শক্তিশালী। বিশেষ করে আমরা বিল্ড আপে অনেক ভুল করেছি। ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ আমরাই মিস করেছি।’

ফিফার উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের অনূর্ধ্ব-১৫ দল অংশ নিচ্ছে। তরুণ ফুটবলারদের আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন এবং ফুটবলের বিকাশের সুযোগ করে দিতেই ব্যতিক্রমী এই আয়োজন। প্রচলিত ১১ জনের ফুটবলের পরিবর্তে এখানে প্রতি দলে খেলছেন আটজন করে ফুটবলার। ম্যাচের দুই অর্ধ ২০ মিনিট করে নির্ধারণ করা হয়েছে।

এবারের আসরে বাংলাদেশের সঙ্গে ‘জি’ গ্রুপে রয়েছে ওয়েলস, পর্তুগাল, ইন্দোনেশিয়া, ফিজি ও বুরুন্ডি। গ্রুপ পর্বে প্রতিটি দলের সামনে রয়েছে। রোববার (২৫ অক্টোবর) গ্রুপ পর্বের দ্বিতীয় দিনে পর্তুগালের মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিন ইন্দোনেশিয়ার বিপক্ষেও মাঠে নামবে দলটি। অল্প সময়ের ব্যবধানে দুটি ম্যাচ খেলতে হওয়ায় খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা ও দ্রুত পুনরুদ্ধারের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এরপর সোমবার (২৬ অক্টোবর) বাংলাদেশের প্রতিপক্ষ বুরুন্ডি ও ফিজি।

এনএনবাংলা/এফএস