জিম্বাবুয়ের পর আফগানিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের

ত্রিদেশীয় সিরিজে টানা দুই হারে ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হলো বাংলাদেশের। জিম্বাবুয়ের পর এবার আফগানিস্তানের কাছেও হেরেছে তাওহীদ হৃদয়ের দল। শারজায় ১৬০ রানে অলআউট হওয়ার পর বাংলাদেশের দেওয়া লক্ষ্য মাত্র ২৭.১ ওভারেই পেরিয়ে ৭ উইকেটের জয় তুলে নিয়েছে আফগানিস্তান। এই জয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে দলটি। আগামী ২৩ অক্টোবর শিরোপার লড়াইয়ে জিম্বাবুয়ের মুখোমুখি হবে তারা।
ফাইনালে ওঠার সমীকরণটা বাংলাদেশের জন্য ছিল বেশ কঠিন। আগে ব্যাট করে আফগানিস্তানকে অন্তত ৪১ রানে হারাতে হতো তাওহীদ হৃদয়ের দলকে। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় সেই লক্ষ্য পূরণ তো দূরের কথা, বড় সংগ্রহও গড়তে পারেনি বাংলাদেশ। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ৯৯ রানের বড় ব্যবধানে হেরেছিল দলটি।
শারজায় ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ২৮ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে দল। সেখান থেকে পঞ্চম উইকেটে পারভেজ হোসেন ইমন ও সাইফ হাসান ৯৩ রানের জুটি গড়ে দলকে কিছুটা লড়াইয়ে ফেরান। সাইফ ৪১ রান করে আউট হলেও একপ্রান্ত আগলে রেখে ব্যাট করেন ইমন। ৯৬ বলে ৭০ রান করেন তিনি।
তবে শেষ দিকে আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খানের বোলিংয়ের সামনে আর দাঁড়াতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। চার উইকেট নিয়ে বাংলাদেশের ইনিংস গুটিয়ে দেন তিনি। ফলে ১৬০ রানেই শেষ হয় তাওহীদ হৃদয়ের দলের ইনিংস।
জবাবে ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে আফগানিস্তানকে ১১৯ রানের মধ্যে অলআউট করতে হতো বাংলাদেশকে। কিন্তু বোলাররা সেই লক্ষ্য পূরণ করতে পারেননি। তাসকিন আহমেদ রহমানউল্লাহ গুরবাজ ও সেদিকউল্লাহ আতালকে ফিরিয়ে শুরুতে কিছুটা সম্ভাবনা জাগালেও পরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আফগানিস্তান।
ইব্রাহিম জাদরান ৩৪ রান করে ফিরে গেলেও বাংলাদেশের বোলারদের আর সুযোগ দেননি রহমত শাহ। ৯০ বলে ৬৭ রান করে অপরাজিত থাকেন তিনি। অন্য প্রান্তে হাশমতউল্লাহ শহীদি ৫৪ বলে ৩৬ রান করে তাকে সঙ্গ দেন। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানিস্তান।
বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ দুটি এবং মুস্তাফিজুর রহমান একটি উইকেট নেন। তবে ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়তে না পারা এবং আফগানিস্তানকে দ্রুত অলআউট করতে ব্যর্থ হওয়ায় টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো বাংলাদেশকে। অন্যদিকে জিম্বাবুয়ের বিপক্ষে ফাইনাল খেলার মানসিক প্রস্তুতি নিতে শুরু করেছে আফগানিস্তান।
এনএনবাংলা/
