সাম্প্রতিক
Skip to content

পারিশ্রমিক নিয়ে বিতর্ক, শাকিবের ‘সোলজার’ মুক্তি নিয়ে অনিশ্চয়তা

ছবি: শাকিব খানের ফেসবুক পেজ থেকে নেওয়া

চলতি বছরের ডিসেম্বরে মুক্তির কথা থাকলেও অনিশ্চয়তায় পড়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘সোলজার’। মাত্র নয় দিনের শুটিং বাকি থাকলেও বারবার শিডিউল নির্ধারণের পরও কাজ শেষ করতে পারেনি প্রযোজনা প্রতিষ্ঠান। এর মধ্যে কলাকুশলীদের পারিশ্রমিক নিয়ে অভিযোগ ওঠায় সিনেমাটির মুক্তি নিয়ে তৈরি হয়েছে নতুন সংশয়।

চলচ্চিত্র সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছরের অক্টোবরে আড়াই মিনিটের একটি ভিডিও প্রকাশ করে সিনেমাটি ডিসেম্বরে মুক্তির প্রাথমিক ঘোষণা দেওয়া হয়েছিল। তবে কয়েক দফা শুটিংয়ের সময় নির্ধারণ করেও বাকি অংশের কাজ শুরু করা সম্ভব হয়নি। এদিকে ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ ও ‘রকস্টার’ সিনেমার কাজে ব্যস্ত হয়ে পড়েন শাকিব খান। পরে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় ‘সোলজার’-এর শুটিং আরও পিছিয়ে যায়।

ছবিটির শুটিং বারবার পিছিয়ে যাওয়ার জন্য পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যর্থতাকে দায়ী করেছেন সংশ্লিষ্টরা। শাকিব খানের ম্যানেজার মনির জামান বলেন, গত কয়েক বছরে শাকিবের কোনো সিনেমার শুটিং নিয়ে এতটা গড়িমসি হয়নি। একাধিকবার শিডিউল নেওয়া হলেও নির্ধারিত সময়ে শুটিং শুরু করতে পারেননি পরিচালক।

এদিকে শুটিং আটকে থাকার পেছনে শিল্পী ও কলাকুশলীদের বকেয়া পারিশ্রমিকের বিষয়টিও আলোচনায় এসেছে। তবে এ অভিযোগ নাকচ করেছেন সিনেমাটির নির্বাহী প্রযোজক মৌমিতা হোসাইন। তার দাবি, সিনেমার শুটিং শেষ না হওয়ায় এখনো সম্মানী পরিশোধের বিষয়টি চূড়ান্ত হয়নি।

মৌমিতা হোসাইন আরও জানিয়েছেন, দ্রুত শুটিং শেষ করে নতুন টিজারের মাধ্যমে সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হবে।

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব খান। চলতি মাসের শেষে দেশে ফেরার কথা রয়েছে তার। এরপর আগামী বছরের ঈদুল ফিতরের সিনেমা ‘নিঃস্ব’ এবং ঈদুল আজহার সিনেমা ‘মহব্বত’-এর শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়তে পারেন তিনি। ফলে ব্যস্ত শিডিউলের মধ্যে ‘সোলজার’-এর বাকি নয় দিনের কাজ কবে শেষ হবে, তা নিয়ে অনিশ্চয়তা কাটছে না। এ পরিস্থিতিতে চলতি বছরের ডিসেম্বরে সিনেমাটি মুক্তি পাওয়া কঠিন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দেশপ্রেম ও সমাজের ভিন্নধর্মী গল্প নিয়ে নির্মিত ‘সোলজার’ পরিচালনা করছেন সাকিব ফাহাদ। প্রযোজনায় রয়েছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জান্নাতুল ফেরদৌস ঐশী ও এবিএম সুমন।

এনএনবাংলা/