ঢাকা থেকে রিয়াদ ও দাম্মাম রুটে বিমানের সব ফ্লাইট স্থগিত

সৌদি আরবে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে বিকল্প হিসেবে জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন যাত্রীরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটের স্থগিত ফ্লাইটগুলোর পরবর্তী সিদ্ধান্ত এবং নতুন সময়সূচি যথাসময়ে জানানো হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সৌদি আরবে যেতে এবং বাংলাদেশে ফিরতে পারবেন। যাত্রীদের চাহিদা বিবেচনায় মদিনা রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজের পরিবর্তে বোয়িং ৭৭৭ যুক্ত করা হয়েছে। এতে প্রতি ফ্লাইটে আসনসংখ্যা বেড়েছে ১৪৮টি।
এ ছাড়া যাত্রীদের অতিরিক্ত চাহিদা সামাল দিতে জেদ্দা রুটে আরও তিনটি ফ্লাইট পরিচালনার ব্যবস্থা করা হয়েছে।
টিকিট ও ভ্রমণসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
এনএনবাংলা/
