মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে সরকার। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে ১০ হাজার বাংলাদেশি কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে (জিরো কস্ট) নিয়োগের বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশিয়া। একই সঙ্গে স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে কর্মী নিয়োগ নিশ্চিত করতে বাংলাদেশের ৩৩৮টি রিক্রুটিং এজেন্সিকে তালিকাভুক্ত করতে সম্মতি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, তালিকাভুক্ত ৩৩৮টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল), ২৫টি প্রসেসিং এজেন্সি এবং ৩১২টি রিক্রুটিং এজেন্সি। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া পরিচালিত হবে।
মালয়েশিয়ায় যেতে আগ্রহী কর্মীরা তালিকাভুক্ত ও অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। পাশাপাশি অনুমোদিত মেডিক্যাল সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষা করানোর সুযোগ পাবেন তারা।
স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমে কোনো নির্দিষ্ট মেডিক্যাল সেন্টারকে এককভাবে দায়িত্ব দেওয়া হবে না বলেও জানিয়েছে মন্ত্রণালয়। এর মাধ্যমে কর্মীদের জন্য সহজ, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে একচেটিয়া নিয়ন্ত্রণ এড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এই অগ্রগতি অর্জনে দিকনির্দেশনা ও নেতৃত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। একই সঙ্গে সহযোগিতা ও ইতিবাচক মনোভাবের জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর এই সুযোগ সফল করতে সরকার, রিক্রুটিং এজেন্সি ও কর্মীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি বাংলাদেশের জন্য একটি দীর্ঘমেয়াদি, সুশৃঙ্খল ও টেকসই শ্রমবাজার গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছে মন্ত্রণালয়।
এনএনবাংলা/
