ভারতে ‘বাংলাদেশের মত নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টা করছেন রাহুল গান্ধী: বিজেপি মুখপাত্র

ভারতে ২০২৪ সালের বাংলাদেশের মতো আন্দোলন সৃষ্টি করে ক্ষমতার পরিবর্তন ঘটাতে চাইছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী—এমন অভিযোগ তুলেছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি। দলটির দাবি, রাহুল গান্ধী ও তার সহযোগীরা গণতান্ত্রিক প্রতিবাদের আড়ালে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নয়াদিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র প্রদীপ ভান্ডারি এ অভিযোগ করেন। তিনি বলেন, বাংলাদেশের আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে ভারতে একই ধরনের জেন-জি আন্দোলন গড়ে তোলার চেষ্টা চলছে। তার দাবি, এর মূল লক্ষ্য সরকার পরিবর্তন করা।
বিজেপির এ বক্তব্য এসেছে ভারতের নির্বাচন কমিশনের প্রধান জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া বাতিলের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে। গত ২ অক্টোবর থেকে দিল্লিতে তরুণদের সংগঠন ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে এ আন্দোলন চলছে। কংগ্রেস ও বিরোধী জোট ইন্ডিয়া এতে সমর্থন দিয়েছে।
এর আগে এক ভিডিও বার্তায় অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সর্বভারতীয় সভাপতি নেহা বোরা বলেন, বাংলাদেশের ২০২৪ সালের ছাত্র আন্দোলন থেকে ভারতের তরুণেরা অনুপ্রেরণা পেয়েছেন। গণতন্ত্র ও ভোটাধিকারের দাবিতে দুই দেশের তরুণদের আন্দোলনের মধ্যে মিল রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
রাহুল গান্ধীর প্রতিবাদ মিছিলে নেহা বোরার অংশগ্রহণকে কংগ্রেসের কথিত ষড়যন্ত্রের প্রমাণ হিসেবে উল্লেখ করেন বিজেপি মুখপাত্র। তবে এসব অভিযোগের বিষয়ে কংগ্রেস বা নেহা বোরার তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এনএনবাংলা/
