ইরানকে চাপে রাখার মার্কিন কৌশল ব্যর্থ হয়েছে: আইআরজিসি কমান্ডার

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দেশটি ভেঙে পড়বে—যুক্তরাষ্ট্রের এমন ধারণা ছিল একটি ‘কৌশলগত ভুল’। ইরানের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও প্রতিরোধের সক্ষমতা সম্পর্কে ওয়াশিংটনের মূল্যায়ন বাস্তবতার সঙ্গে মেলেনি বলে মন্তব্য করেছেন দেশটির ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এক জ্যেষ্ঠ কমান্ডার। খবর আল জাজিরার।
আইআরজিসির রাজনৈতিক বিষয়ক উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদোল্লাহ জাভানি বলেন, ইরানের অভ্যন্তরীণ স্থিতিশীলতা সম্পর্কে যুক্তরাষ্ট্র ভুল হিসাব করেছে। ওয়াশিংটনের এই মূল্যায়ন ইরানি সমাজের প্রকৃত পরিস্থিতি তুলে ধরতে চরমভাবে ব্যর্থ হয়েছে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাতে জাভানি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান মেয়াদের আগেও দীর্ঘদিন ধরে তেহরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করেছে ওয়াশিংটন। তবে ইরানের দৃঢ় অবস্থান ও কঠোর জবাবের মুখে যুক্তরাষ্ট্রের এসব প্রচেষ্টা ও উদ্দেশ্য পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি।
এদিকে, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হামিদরেজা হাজি-বাবাই। তার অভিযোগ, এই যুদ্ধে নিজেদের পাশে মিত্রদের একত্র করতে এবং নির্ধারিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে ওয়াশিংটন।
হামিদরেজা হাজি-বাবাই বলেন, ইরানকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকি ও হুঁশিয়ারি মূলত যুক্তরাষ্ট্রের চরম হতাশা ও অসহায়ত্বের বহিঃপ্রকাশ। তার মতে, কোনো দেশের কার্যকর পদক্ষেপ নেওয়ার মতো প্রকৃত শক্তি ও সক্ষমতা থাকলে সেই দেশকে বারবার হুমকি দিতে হয় না।
এনএনবাংলা/
