প্লট দুর্নীতি: পারটেক্স গ্রুপের রাসেল-রুবেলসহ রাজউকের সাবেক চেয়ারম্যানও দণ্ডিত

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এম এ হাসেমের দুই ছেলে শওকত আজিজ রাসেল ও আশফাক আজিজ রুবেলসহ আটজনকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত অন্যদের মধ্যে রয়েছেন রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরী এবং সংস্থাটির সাবেক পাঁচ সদস্য।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকার নবম বিশেষ জজ আদালতের বিচারক আব্দুস সালাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার দিন আদালতে হাজির না হওয়ায় আসামিদের জামিন বাতিল করে তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত অন্য পাঁচ আসামি হলেন রাজউকের সাবেক সদস্য (উন্নয়ন) এস ডি ফয়েজ, সাবেক সদস্য (পরিকল্পনা) এ কে এম ওয়াহেদুল ইসলাম, সাবেক সদস্য (অর্থ) এস এম জাফর উল্লাহ, সাবেক সদস্য (প্রশাসন ও ভূমি) এইচ এম জহুরুল হক এবং সাবেক সদস্য (এস্টেট) রেজাউল করিম তরফদার।
মামলার বিবরণ অনুযায়ী, রাজউকের কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার করে বৈধ আবেদনকারীদের বঞ্চিত করে আশফাক আজিজ রুবেল ও শওকত আজিজ রাসেলকে ১০ কাঠা করে দুটি প্লট বরাদ্দ দেন। ২০০১ সালের ২৩ আগস্ট থেকে ২০১৪ সালের ২৩ অক্টোবরের মধ্যে এসব অনিয়ম সংঘটিত হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
দুদকের কৌঁসুলি খন্দকার শামীম হোসেন জানান, অপরাধমূলক অসদাচরণের দায়ে আট আসামিকে সাত বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এ ছাড়া অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের দায়েও সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ অর্থদণ্ড অনাদায়েও আরও এক বছর করে কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
তবে দুই ধারার সাজা একসঙ্গে কার্যকর হবে। ফলে আসামিদের মোট সাত বছর করে কারাভোগ করতে হবে বলে জানান দুদকের এই কৌঁসুলি।
আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম মিঠু বলেন, আসামিরা জামিনে ছিলেন। কিন্তু রায় ঘোষণার দিন তারা আদালতে উপস্থিত হননি। এ কারণে আদালত তাদের জামিন বাতিল করে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
শওকত আজিজ রাসেল আম্বার গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি। অন্যদিকে আশফাক আজিজ রুবেল পারটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান।
এ ঘটনায় ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি দুদকের তৎকালীন উপপরিচালক সিলভিয়া ফেরদৌস মতিঝিল থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর দুদকের তৎকালীন উপপরিচালক মির্জা জাহিদুল আলম আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
পরে ২০১৯ সালের ২৬ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। বিচার চলাকালে আদালত নয়জনের সাক্ষ্য গ্রহণ করেন। আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি ও মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে মঙ্গলবার এ রায় ঘোষণা করা হয়।
এনএনবাংলা/
