নিখোঁজ জাবি শিক্ষার্থীর খোঁজ মিললো কুমিল্লায়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের (৫০তম ব্যাচ) শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলামের সন্ধান পাওয়া গেছে। কুমিল্লার দাউদকান্দি থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দাউদকান্দি মডেল মসজিদের পাশের একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। দাউদকান্দি মডেল থানার ওসি মো. সাজেদুল ইসলাম পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মোহাইমিনুল অন্য একজনের মোবাইল ফোনের ইন্টারনেট সংযোগ ব্যবহার করে তার বিভাগের জ্যেষ্ঠ শিক্ষার্থী শফিউজ্জামান শাহীনকে মেসেঞ্জারে বার্তা পাঠান। ওই বার্তায় তিনি জানান, দাউদকান্দি মডেল মসজিদের আশপাশে রয়েছেন তিনি। তাকে যেন সেখান থেকে উদ্ধার করা হয়, সে অনুরোধও জানান। বার্তাটি পাওয়ার পর সাভার থানা পুলিশ বিষয়টি দাউদকান্দি মডেল থানা পুলিশকে জানায়। পরে দাউদকান্দি থানা পুলিশ অভিযান চালিয়ে মসজিদের পাশের একটি বাড়ি থেকে মোহাইমিনুলকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। রাত ১০টার দিকে সাভার থানা পুলিশ দাউদকান্দি থানায় পৌঁছালে তাকে তাদের কাছে হস্তান্তর করা হয়।
ওসি বলেন, ‘মোহাইমিনুলকে কেউ আটকে রাখেনি। তিনি নিজেই মসজিদের পাশের একটি বাড়িতে অবস্থান করছিলেন বলে আমরা জানতে পেরেছি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘ফেরদৌসের একটি পোস্ট থেকে বিষয়টি জানতে পারি। ফেরদৌস আমাদের পিআরওকেও বিষয়টি জানিয়েছিলেন, যাতে তিনি প্রশাসনকে অবহিত করেন। তার বড় ভাইদের সঙ্গে তার অবস্থানের বিষয়টিও প্রশাসনকে জানানো হয়। এভাবেই আমরা বিষয়টি সম্পর্কে অবগত হই।’
তিনি আরও বলেন, ‘শেষ পর্যন্ত তাকে খুঁজে পাওয়া গেছে। আমি মনে করি, এটি আমাদের সবার একটি অর্জন। তাকে সুস্থ অবস্থায় আমাদের কাছে নিয়ে আসার পর তার সঙ্গে কথা বলে পরবর্তী প্রক্রিয়া নির্ধারণ করা হবে। একই সঙ্গে তার জন্য প্রয়োজনীয় সহযোগিতা করারও আমরা চেষ্টা করব।’
এনএনবাংলা/এফএস
