সাম্প্রতিক
Skip to content

গাজীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে আজ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তারা সমন্বিত উদ্যোগ ও পারিবারিক পর্যায় থেকে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দুর্যোগ সহনশীল দেশ গড়ে তোলার ওপর জোর দিয়েছেন।

তারা বলেন, যে কোনো দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, ঝুঁকি নিরূপণ ও নিরাপদ আশ্রয়ের বিকল্প নেই।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর দিবসটি উদযাপিত হচ্ছে।

সভায় প্রধান অতিথি’র বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহেল রানা দুর্যোগ মোকাবিলায় সরকারি-বেসরকারি সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের পারস্পরিক সহযোগিতার কথা তুলে ধরেন।

তিনি বলেন, ব্যক্তিগত ও পরিবারিক নিরাপত্তা নিশ্চিত করার মধ্য দিয়েই একটি দুর্যোগ সহনশীল রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।

গাজীপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আওলাদ হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাজিব হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শাহ শিবলী সাদিক, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সচিব এম আশরাফ হোসেন টুলু এবং গাজীপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

বক্তারা বলেন, জরুরি মুহূর্তে দ্রুত উদ্ধার তৎপরতা পরিচালনা ও দুর্গতদের কাছে সহায়তা পৌঁছাতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত প্রস্তুতি জরুরি। বিশেষ করে তরুণ সমাজ ও শিক্ষার্থীদের দুর্যোগ বিষয়ক সচেতনতায় সম্পৃক্ত করা গেলে এই বার্তা পারিবারিক ও সামাজিকভাবে আরও দ্রুত বিস্তৃত হবে।

অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্ট ইউনিটের প্রতিনিধিরাসহ জয়দেবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের এই আয়োজনে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের যৌথ দায়িত্বশীলতার মাধ্যমে দেশের সার্বিক দুর্যোগ ঝুঁকি হ্রাসের সংকল্প ব্যক্ত করা হয়।

এনএনবাংলা/ইএস