খুলনায় সাংবাদিকতায় গৌরবোজ্জ্বল ৪০ বছর, সংবর্ধিত হলেন ১০ সাংবাদিক

সাংবাদিকতা পেশায় দীর্ঘ ও বর্ণাঢ্য পথ-পরিক্রমায় ৪০ বছর অতিক্রমকারী খুলনা প্রেসক্লাবের প্রবীণ সদস্যদের গৌরবোজ্জ্বল অবদানকে সম্মান জানাতে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির সহযোগিতায় ১০ অক্টোবর (শনিবার) রাতে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে উক্ত জাকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে খুলনা প্রেসক্লাব।
পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ নজরুল ইসলাম মঞ্জু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির চেয়ারম্যান মিজানুর রহমান, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি আশরাফ-উজ-জামান ও নারী উদোক্তা শামিমা সুলতানা শিলু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার এবং সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম।
সাংবাদিকতা শিল্পে প্রবীণ সদস্যদের চার দশকের ত্যাগ, নিষ্ঠা এবং সমাজ গঠনে তাদের অবিস্মরণীয় ভূমিকাকে স্মরণীয় করে রাখতেই এ বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়। অনুষ্ঠানে ক্লাবের মোট ১০ জন প্রবীণ সাংবাদিককে সম্মাননাস্বরূপ ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করে বিশেষ সম্মাননা জানানো হয়।
সম্মাননাপ্রাপ্ত গুণী সাংবাদিকরা হলেন, দৈনিক প্রবাহ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আশরাফ-উল-হক, দ্য নিউ নেশন পত্রিকার মুনির উদ্দিন আহমেদ, খুলনা গেজেট পত্রিকার নির্বাহী সম্পাদক কাজী মোতাহার রহমান, অনলাইন নিউজ পোর্টাল চর্চা’র বিশেষ প্রতিনিধি শেখ আবু হাসান, এনটিভি’র খুলনা ব্যুরো প্রধান মুহাম্মদ আবু তৈয়ব, ইউএনবি’র শেখ দিদারুল আলম, দৈনিক সময়ের খবরের নিউজ এডিটর মাসুদুর রহমান রানা, নতুন দিগন্তের খুলনা ব্যুরো প্রধান মো. আনিসুজ্জামান, নয়া দিগন্তের খুলনা ব্যুরো প্রধান মো. এরশাদ আলী এবং সাপ্তাহিক কোলাহল পত্রিকার সম্পাদক মো. জাকির হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি সমাজ পরিবর্তনের এক শক্তিশালী হাতিয়ার। প্রবীণ সাংবাদিকরা তাদের চার দশকের দীর্ঘ পথচলায় সততা, সাহস ও বস্তুনিষ্ঠতার যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা তরুণ সাংবাদিকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
বক্তারা আরও উল্লেখ করেন, প্রতিকূল পরিবেশেও প্রবীণ এ কলম সৈনিকরা সত্যের পক্ষে আপসহীন ভূমিকা পালন করে সমাজ গঠনে যে অবিস্মরণীয় অবদান রেখেছেন, তা খুলনা তথা দেশের সাংবাদিকতার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। প্রবীণদের এ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী দিনের সাংবাদিকতাকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানান তারা।
প্রবীণ সদস্যদের পাশাপাশি ক্লাবের নির্বাহী পরিষদের সদস্যদেরও এ সময় সম্মাননাস্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়।
সম্মাননাস্বরূপ ক্রেস্টপ্রাপ্ত উপস্থিত নির্বাহী পরিষদের সদস্যরা হলেন, সহ-সভাপতি সোহরাব হোসেন, যুগ্ম-সম্পাদক মো. বেল্লাল হোসেন সজল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মিলন, পাঠাগার, প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক বশির হোসেন, ক্লাবের নির্বাহী সদস্য মো. মাকসুদুর রহমান (মাকসুদ) ও মো. আনিস উদ্দিন।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে খুলনা প্রেসক্লাবের সম্মানিত সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের সম্মানে এক নৈশভোজের আয়োজন করা হয়।
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির প্রতিনিধিদল, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রেসক্লাবের কর্মকর্তা, সদস্যবৃন্দ এবং তাদের পরিবারের সদস্যরা এ অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রবীণ সাংবাদিকদের এ গৌরবোজ্জ্বল মুহূর্তকে উদযাপিত করেন।
এনএনবাংলা/
