সিঙ্গাপুরে বাংলাদেশি মাইগ্র্যান্ট ওয়ার্কারদের কল্যাণে নতুন উদ্যোগ

সিঙ্গাপুরে কর্মরত বাংলাদেশি মাইগ্র্যান্ট ওয়ার্কারদের বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তা তুলে ধরা এবং সমাধানে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি ও সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রণালয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সিঙ্গাপুরের জুরং ইস্টের নেস্ট ডরমিটরি অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীনেশ বসু। এ সময় তিনি সিঙ্গাপুরের বিভিন্ন খাতে বাংলাদেশি মাইগ্র্যান্ট ওয়ার্কারদের অবদানের গুরুত্ব তুলে ধরেন এবং তাদের কল্যাণে সংশ্লিষ্ট সংগঠন ও সরকারি সংস্থার মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার আলতাফ হোসাইন, সহ-সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক ক্যাপ্টেন জি এম সালাহউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন মিয়া, সাংগঠনিক সম্পাদক ক্যাপ্টেন মোঃ ইমরান কালাম চৌধুরী, কোষাধ্যক্ষ মোঃ তাজুল ইসলাম এবং সমাজকল্যাণ সচিব মোহাম্মদ বিল্লাল হোসাইন।
সমঝোতা স্মারকের আওতায় সিঙ্গাপুরে কর্মরত বাংলাদেশি মাইগ্র্যান্ট ওয়ার্কারদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজন চিহ্নিত করে সেগুলো যথাযথভাবে জনশক্তি মন্ত্রণালয়ের কাছে উপস্থাপন করা হবে। পাশাপাশি কর্মক্ষেত্র, আবাসন, নিরাপত্তা, কল্যাণ, কর্মপরিবেশসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশি কর্মীদের সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের ক্ষেত্রেও সোসাইটি ভূমিকা রাখবে।
সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির নেতৃবৃন্দ বলেন, সিঙ্গাপুরে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মী দেশটির অর্থনীতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তাদের বিভিন্ন সমস্যা ও উদ্বেগগুলো সংগঠিতভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার জন্য একটি কার্যকর যোগাযোগ ও সহযোগিতার কাঠামো প্রয়োজন ছিল। এ সমঝোতা স্মারক সেই সহযোগিতাকে আরও প্রাতিষ্ঠানিক ও কার্যকর করবে।
তারা আরও বলেন, বাংলাদেশি মাইগ্র্যান্ট ওয়ার্কারদের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার ক্ষেত্রেও এই উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।
সোসাইটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, ভবিষ্যতে সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রণালয়, নিয়োগকর্তা, ডরমিটরি কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশি কর্মীদের কল্যাণে আরও কার্যকর ও বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করা সম্ভব হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি ও জনশক্তি মন্ত্রণালয়ের মধ্যে এই সমঝোতা স্মারক সিঙ্গাপুরে বাংলাদেশি মাইগ্র্যান্ট কমিউনিটির কল্যাণে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।
এনএনবাংলা/
