নিউইয়র্কের রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত ১

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত ব্রুকলিন এলাকায় একটি রেস্তোরাঁয় বন্দুকধারীর গুলিতে মো. রাজু নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক বাংলাদেশি আহত হয়েছেন।
স্থানীয় সময় রোববার ভোরে ব্রুকলিনের ৮৪২ রকঅ্যাওয়ে অ্যাভিনিউয়ে অবস্থিত ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা’ রেস্তোরাঁয় গুলির ঘটনা ঘটে।
রেস্তোরাঁ ও স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, রোববার ভোরে এক গ্রাহক খাবারের বিল পরিশোধ না করেই রেস্তোরাঁ থেকে বের হয়ে যাচ্ছিলেন। এ সময় সেখানে কর্মরত রাজু ও রাসেল তাকে বিল পরিশোধ করতে বলেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ওই গ্রাহক পিস্তল বের করে তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যান। গুরুতর আহত তাদের দ্রুত স্থানীয় হাসপাতালের নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাজুর মৃত্যু হয়। আহত অপর বাংলাদেশী চিকিৎসা নেয়ার পর সুস্থ আছেন বলে জানা গেছে।
হামলাকারীকে শনাক্ত করতে এরই মধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে।
নিহত রাজু নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডে কংশনগর গ্রামের বাসিন্দা।
আমিশাপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, রাজুর মৃত্যুর বিষয়টি শুনেছি। তার মৃত্যুতে গ্রামের বাড়িতে শোকাবহ পরিস্থিতি বিরাজ করছে। নিহতের পরিবার তার মরদেহ দেশে আনতে সরকারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।
এনএনবাংলা/এফএস

